সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বেশির ভাগ কোম্পানি চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নতুন কর্মী নিয়োগ বন্ধ রেখেছিল। এর পরিবর্তে বিদ্যমান কর্মীদের নিয়েই কাজ চালিয়ে গেছে বলে সম্প্রতি জানিয়েছে নিয়োগ সংস্থা কুপার ফিচ। খবর দ্য ন্যাশনাল।
প্রতিবেদন অনুসারে, মার্চে শেষ হওয়া প্রান্তিকে আগের প্রান্তিকের তুলনায় নিয়োগ বেড়েছে ১ দশমিক ২৫ শতাংশ। এ সময় প্রতিষ্ঠানগুলো কর্মী দক্ষতা বাড়ানোয় বেশি গুরুত্ব দিয়েছে। এতে বোঝা যাচ্ছে, আগে ইউএইর বাজারে প্রাথমিক পর্যায়ের ব্যাপক নিয়োগ হলেও এখন কৌশলগত রূপান্তর ঘটছে।
কুপার ফিচের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ট্রেভর মারফি বলেন, ‘গত বছর ইউএইতে প্রচুর নিয়োগ হয়েছিল। এর পরেও ১ দশমিক ২৫ শতাংশ ধরে রাখা একটি শক্তিশালী প্রবৃদ্ধি।’
তিনি আরো বলেন, ‘ইউএই এখন অতি উন্নত বাজারে পরিণত হয়েছে। পরামর্শসেবা, সরবরাহ চেইন, কেনাবেচা, উৎপাদন ও মানবসম্পদের মতো বিভাগে নতুন নিয়োগ সামান্য কমতে পারে। তবে বিশেষ করে দুবাইয়ে আইনি সহায়তা, বাণিজ্য, প্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে নিয়োগ শক্তিশালী রয়েছে।’
মারফি জানান, করপোরেট কর আরোপ, ভাড়া, সার্ভিস ফি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে মুনাফা এবং সুদ ও কর-পূর্ববর্তী আয়ের ওপর চাপ তৈরি হয়েছে। ফলে বিশেষ কিছু খাতে ব্যবসায় ডাবল ডিজিট মুনাফার যুগ এখন শেষ দিকে। প্রতিষ্ঠানগুলো মুনাফা ধরে রাখতে এবং ব্যবসা সম্প্রসারণে কর্মী নির্বাচন ও দীর্ঘমেয়াদে ধরে রাখতে আগের তুলনায় এখন বেশি সচেতন।