ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অনুমোদন

যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার

যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার।

যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ১৩৭ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৭৪৪ টাকা। গতকাল সচিবালয়ে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় সার, চাল ও ভোজ্যতেল কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে দুটি কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর মধ্যে যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে একটি কার্গো এলএনজি ৫৬৭ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার ৭৭৬ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে। সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে একটি কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫৬৯ কোটি ২৯ লাখ ২৭ হাজার ৯৬৮ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৭৭ কোটি ১০ লাখ টাকা। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৬১ টাকা ৭৫ পয়সা।

স্থানীয় প্রতিষ্ঠান তানিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ২০ লাখ লিটার এবং মজুমদার রাইস ব্র্যান অয়েল মিলস লিমিটেডের কাছ থেকে ৯০ লাখ লিটার তেল কেনা হবে। একইভাবে টিসিবির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত হয়েছে। এতে ব্যয় হবে ৩৬৪ কোটি ৮৭ লাখ টাকা। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৬৫ টাকা ৮৫ পয়সা। এ তেল সরবরাহ করবে সোনারগাঁ সিডস ক্রাশিং মিলস লিমিটেড।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসার্স পাত্তভী এগ্রো ফুডস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার টন নন-বাসমতী সেদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ২৪০ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকা। প্রতি টন চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩৯৪ ডলার ৭৭ সেন্ট।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিকর্পস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৬২ কোটি ৮৭ লাখ টাকা। প্রতি টন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৪৪৫ ডলার। একইভাবে সৌদি আরবের মাদেনের কাছ থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩০৩ কোটি ৭৮ লাখ টাকা। প্রতি টন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৬২২ ডলার ৫০ সেন্ট।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যশোর রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রকল্পের জমি উন্নয়ন কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ১৫৪ কোটি ৩ লাখ ৭ হাজার ৫৭২ টাকা। ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই) এবং খোকন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড যৌথভাবে এটি বাস্তবায়ন করবে।

আরও