এশিয়ার শেয়ারবাজারে বেশির ভাগ সূচক ঊর্ধ্বমুখী

এশিয়ার শেয়ারবাজারে প্রধান প্রধান সূচকগুলোর বেশির ভাগই ঊর্ধ্বমুখী ছিল গতকাল।

এশিয়ার শেয়ারবাজারে প্রধান প্রধান সূচকগুলোর বেশির ভাগই ঊর্ধ্বমুখী ছিল গতকাল। তবে মহাদেশের বৃহত্তম অর্থনীতি চীনের পুঁজিবাজারে প্রধান সূচকগুলো দিনের শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও শেষ পর্যন্ত এগুলো দিন শেষ করেছে বিপরীতমুখী প্রবণতায়। বিশেষ করে মুনাফা রেখে ক্রেতারা সম্পত্তি ও ফার্মাসিউটিক্যাল খাতের শেয়ার বেশি পরিমাণে বিক্রি করায় এর প্রভাব পড়ে বাজারে।

এদিকে গতকাল বাংলাদেশ সময় বিকাল ৪টা নাগাদ মার্কিন ফিউচার সূচকগুলোয় তেমন পরিবর্তন দেখা যায়নি। কারণ নিউইয়র্কে গতকালের ট্রেডিং শেষ হওয়ার পর আর্থিক প্রতিবেদন প্রকাশের কথা ছিল কম্পিউটার চিপ জায়ান্ট এনভিডিয়ার। বিনিয়োগকারীরা এর অপেক্ষায় ছিলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ এ কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) প্রতিবেদন ঘিরে বাজারে পুরনো কিছু প্রশ্ন আবার নতুন করে হাজির হয়েছে। যেখানে বলা হচ্ছে, বাজারে কি এআই কোম্পানির সূচকের অতিমূল্যায়ন হচ্ছে, নাকি সত্যিই একটি প্রযুক্তিগত উল্লম্ফনের সূচনা ঘটেছে।

গতকাল হংকংয়ের হ্যাং সেং ও সাংহাই কম্পোজিট সূচক যথাক্রমে ১ দশমিক ৪ ও ১ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছে। সাংহাই সূচক সম্প্রতি রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। এরপর বিনিয়োগকারীরা মুনাফা রেখে শেয়ার বিক্রি করায় এর প্রভাব পড়ে সামগ্রিক পুঁজিবাজারে।

এদিকে চীন সরকার জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় জানুয়ারি-জুলাইয়ে দেশটির শিল্প খাতের মুনাফা বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ, যা বছরের প্রথমার্ধ অর্থাৎ জানুয়ারি-জুনে ২ দশমিক ৮ শতাংশ হারে সংকুচিত হয়েছিল। তবে আগের বছরের একই সময়ের তুলনায় জুলাইয়ে শিল্প খাতে মুনাফা কমেছে ১ দশমিক ৫ শতাংশ।

এদিকে এশিয়া-প্যাসিফিকের গুরুত্বপূর্ণ তিন সূচক জাপানের নিক্কেই ২২৫, দক্ষিণ কোরিয়ার কসপি ও অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএএক্স ২০০ সূচক দশমিক ৩ শতাংশ ঊর্ধ্বমুখী ছিল।

তাইওয়ানের এক শীর্ষ কর্মকর্তা আশা প্রকাশ করেছেন, সম্ভাব্য মার্কিন শুল্ক বৃদ্ধি চিপ রফতানিতে খুব বেশি প্রভাব ফেলবে না। এদিন তাইওয়ানের তাইএক্স সূচক বেড়েছে দশমিক ৯ শতাংশ। এর মধ্যে বিশ্বের বৃহত্তম কন্ট্রাক্ট চিপ নির্মাতা টিএসএমসির শেয়ারদর বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ। এছাড়া ব্যাংককের এসইটি সূচক বেড়েছে দশমিক ৪ শতাংশ।

গতকাল থেকে যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া ভারতীয় পণ্যে গড়ে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে, যা দেশটির শ্রমঘন শিল্পে বড় ধরনের প্রভাব ফেলবে। তবে সরকারি ছুটি থাকায় গতকাল ভারতের শেয়ারবাজারগুলো বন্ধ ছিল।

এদিকে আগের দিন যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ দশমিক ৪ শতাংশ ঊর্ধ্বমুখী সমাপ্তি দেখেছে। ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ও নাসডাক সূচক বেড়েছে যথাক্রমে দশমিক ৩ ও দশমিক ৪ শতাংশ।

এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে চলতি মাসে ভোক্তা আস্থা সামান্য কমেছে। কারণ শ্রমবাজার দুর্বল হতে থাকায় টানা অষ্টম মাসে ভোক্তা উদ্বেগ বেড়েছে। এদিকে জ্যাকসন হোলের সম্মেলনে আগামী সেপ্টেম্বরে সুদহার কমানোর ইঙ্গিত দিয়েছেন ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল। মুদ্রানীতিতে প্রেসিডেন্টের হস্তক্ষেপ একপ্রকার মেনে নেয়া সত্ত্বেও ফেডের সঙ্গে বিরোধ আরো বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে গভর্নর লিসা কুককে বরখাস্তের ঘটনা আইনি পর্যায়ে পৌঁছেছে। এসবের মাঝেও মার্কিন পুঁজিবাজারে স্থিতিশীলতা দেখা যাচ্ছে।

ট্রেডাররা এখনো আশা করছেন যে ফেড সেপ্টেম্বরে পরবর্তী সভায় সুদহার কমাবে। সিএমই গ্রুপের তথ্য অনুযায়ী, ৮৭ শতাংশ ট্রেডারের ধারণা কেন্দ্রীয় ব্যাংক ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমাবে।

আরও