মার্কিন পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতায় শেষ হলো বছরের প্রথম সপ্তাহ

বছরের শুরুতেই মার্কিন পুঁজিবাজারে উচ্ছ্বাস ফিরে এসেছে।

বছরের শুরুতেই মার্কিন পুঁজিবাজারে উচ্ছ্বাস ফিরে এসেছে। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ঘিরে বিনিয়োগকারীদের প্রত্যাশা, ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর সম্ভাবনা এবং খাতভিত্তিক উল্লম্ফনের মিলিত প্রভাবে ২০২৬ সালের প্রথম সপ্তাহে নতুন উচ্চতায় পৌঁছেছে ওয়াল স্ট্রিট। বিশ্লেষকরা বলছেন, বাজারের এ ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের ঝুঁকি নেয়ার মানসিকতা, অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও আস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি গভীর বিশ্বাসের প্রতিফলন। খবর রয়টার্স।

২০২৬ সালের প্রথম পূর্ণ ট্রেডিং সপ্তাহে ওয়াল স্ট্রিটের তিনটি প্রধান সূচকই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রযুক্তি খাতের তুলনায় সাম্প্রতিক বছরগুলোয় পিছিয়ে থাকা উপকরণ, শিল্পসহ বিভিন্ন খাতের শেয়ারে বাড়তি চাহিদাই এ উত্থানের মূল চালিকাশক্তি ছিল।

গত শুক্রবার এসঅ্যান্ডপি ৫০০ সূচকের ১১টি খাতের মধ্যে নয়টিই বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে উপকরণ খাত ১ দশমিক ৮ শতাংশ। এর পরেই রয়েছে পরিষেবা খাত, যা বেড়েছে ১ দশমিক ২৪ শতাংশ।

সাপ্তাহিক হিসাবে ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশের মৌসুম শুরুর আগে ওয়াল স্ট্রিটে শেয়ারের মূল্যায়ন তুলনামূলকভাবে চড়া ছিল। এলএসইজির তথ্যানুযায়ী, এসঅ্যান্ডপি ৫০০ সূচকে বর্তমানে প্রত্যাশিত আয়ের প্রায় ২২ গুণ দরে লেনদেন হচ্ছে। এটি নভেম্বরের ২৩ গুণ থেকে কিছুটা কম হলেও পাঁচ বছরের গড় ১৯ গুণের তুলনায় বেশি।

মার্কিন পুঁজিবাজারের প্রধান তিন সূচক এসঅ্যান্ডপি ৫০০, নাসডাক ও ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ গত শুক্রবার যথাক্রমে দশমিক ৬৫, দশমিক ৮২ ও দশমিক ৪৮ শতাংশ বেড়েছে। সাপ্তাহিক হিসেবে বেড়েছে যথাক্রমে ১ দশমিক ৬, ১ দশমিক ৯ ও ২ দশমিক ৩ শতাংশ।

মার্কিন শ্রম দপ্তরের এক প্রতিবেদনে দেখা যায়, গত মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির হার প্রত্যাশার চেয়ে বেশি ধীরগতির ছিল। একই সঙ্গে বেকারত্বের হার কমে ৪ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। এ পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতে বাজার পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন শ্রমবাজার শিগগিরই দুর্বল হওয়ার কোনো আশঙ্কা আপাতত নেই।

গত শুক্রবার চিপ খাতের কোম্পানিগুলোর শেয়ারদর জোরালোভাবে বেড়েছে। এদিন পিএইচএলএক্স সেমিকন্ডাক্টর সূচক ২ দশমিক ৭ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। চিপ তৈরির যন্ত্রপাতি নির্মাতা ল্যাম রিসার্চের এর শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৭ শতাংশ। এছাড়া ব্রকডম, অ্যালফাবেট ও টেসলার শেয়ারদরে যথাক্রমে ৩ দশমিক ৮, ১ ও ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক সূচককে ওপরে তুলতে সহায়তা করেছে।

হরাইজন ইনভেস্টমেন্টসের পোর্টফোলিও ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জ্যাকারি হিল বলেন, ‘সামগ্রিকভাবে এআই খাতের কোম্পানিতে বিনিয়োগকে আরো সূক্ষ্মভাবে পর্যালোচনা করা হচ্ছে। কোন সাব-সেক্টর বা কোন কোম্পানি বিজয়ী হবে, আর কোনটি পিছিয়ে পড়বে সেটা বিচার করছেন বিনিয়োগকারীরা।’

প্রযুক্তি খাতের কোম্পানি ইনটেলের শেয়ারদর প্রায় ১১ শতাংশ বেড়েছে গত শুক্রবার। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যে প্রভাব রয়েছে। তিনি জানিয়েছিলেন, চিপ নির্মাতা কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা লিপ-বু তানের সঙ্গে দারুণ একটি বৈঠক হয়েছে।

আরও