দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে দেশী পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ভারত থেকে আমদানি কমা ও দেশী পেঁয়াজের সরবরাহ হ্রাস কৃষিপণ্যটির দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে।
হিলি বাজারে গতকাল ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়, একদিন আগেও যা ছিল কেজিপ্রতি ৫০ টাকা। তবে এ সময় ভারত থেকে আমদানীকৃত পেঁয়াজ কেজিপ্রতি ৫০ টাকায় স্থিতিশীল ছিল।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, সম্প্রতি ভারত থেকে পেঁয়াজের আমদানি কিছুটা কমেছে। আগে হিলি স্থলবন্দর দিয়ে ১৫-২০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হতো। বর্তমানে তা কমে ৭-১০ ট্রাকে নেমে এসেছে।
তিনি জানান, আগে মোকামে প্রতি মণ পেঁয়াজের দাম ছিল ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ টাকা। এখন তা বেড়ে মণপ্রতি ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মণপ্রতি দাম ২০০-৩০০ টাকা বেড়ে যাওয়ার কারণে খুচরা বাজারে তার প্রভাব পড়েছে।