আইভি ফ্লুইড উৎপাদনে বিনিয়োগ করবে ওরিয়ন ইনফিউশন

ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড আইভি ফ্লুইডের চাহিদা পূরণের লক্ষ্যে বিদ্যমান উৎপাদন লাইন সম্প্রসারণে ২০ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড আইভি ফ্লুইডের চাহিদা পূরণের লক্ষ্যে বিদ্যমান উৎপাদন লাইন সম্প্রসারণে ২০ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি কোম্পানির পর্ষদ এ বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাইকুলি এলাকায় অবস্থিত কারখানায় শিগগিরই নির্মাণকাজ শুরু করবে ওরিয়ন ইনফিউশন। প্রকল্পটি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। সম্প্রসারণ কার্যক্রম সম্পন্ন হলে কোম্পানির উৎপাদন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ বাড়বে এবং বছরে অতিরিক্ত প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব আয় হবে। কোম্পানিটি জানিয়েছে, এ বিনিয়োগ সামগ্রিক মুনাফা বৃদ্ধিতেও সহায়ক হবে। বিনিয়োগের অর্থ কোম্পানিটির নিজস্ব তহবিল থেকে দেয়া হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ওরিয়ন ইনফিউশনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ২ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৩ ডিসেম্বর বেলা ১টা ৩০ মিনিটে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ওরিয়ন ইনফিউশনের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৬ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৪৫ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ওরিয়ন ইনফিউশনের ইপিএস হয়েছে ২ টাকা ৬ পয়সা।

আরও