সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে বস্ত্র খাতের দুই কোম্পানি। তালিকাভুক্ত কোম্পানি দুটি হলো তাল্লু স্পিনিং মিলস লিমিটেড ও মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল পৃথকভাবে কোম্পানি দুটি এসব তথ্য জানিয়েছে।
তাল্লু স্পিনিং: সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৪ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১২ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে তাল্লু স্পিনিংয়ের পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ অক্টোবর।
মিথুন নিটিং: কোম্পানিটি জানিয়েছে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর থেকে কারখানা বন্ধ থাকায় শেয়ারপ্রতি আয় হয়েছে শূন্য। এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১২ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে মিথুন নিটিংয়ের পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি মিথুন নিটিং। সমাপ্ত ২০২২-২৩৩ হিসাব বছরেও বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ।