রেকর্ড জ্বালানি খরচের মধ্যেও ডেল্টা এয়ারলাইনসের আয় বৃদ্ধি

বিশ্বজুড়ে জ্বালানির রেকর্ড মূল্যবৃদ্ধি ও উড়োজাহাজ ভাড়া বাড়ার পরও ইতিবাচক প্রবৃদ্ধি দেখেছে মার্কিন বিমান সংস্থা ডেল্টা এয়ারলাইনস।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আশানুরূপ মুনাফা অর্জন করেছে কোম্পানিটি। সম্প্রতি প্রকাশিত এক আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। খবর সিএনবিসি।

প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে ডেল্টা এয়ারলাইনসের সমন্বিত আয় হয়েছে ১ হাজার ৭৬৭ কোটি ডলার, যা প্রত্যাশিত ১ হাজার ৭৫৩ কোটি ডলারের চেয়ে বেশি। তবে জ্বালানি ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ কমে ১৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

ডেল্টা এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এড বাসতিয়ান জানান, সব ক্ষেত্রেই টিকিটের ব্যাপক চাহিদা রয়েছে। উচ্চ আয়ের গ্রাহকদের আকৃষ্ট করতে পারায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে লাভজনক বিমান সংস্থাটি বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।

সাধারণ আসনের (কোচ) তুলনায় গত প্রান্তিকে প্রিমিয়াম বা প্রথম শ্রেণীর টিকিট বেশি বিক্রি হয়েছে। প্রথম শ্রেণীর টিকিট থেকে ডেল্টার আয় হয়েছে ৬৯২ কোটি ডলার। অন্যদিকে সাধারণ কেবিন বা ইকোনমি ক্লাস থেকে আয় এসেছে ৬৮৫ কোটি ডলার।

সিইও জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে যাওয়া ফুটবলপ্রেমীদের কারণে টিকিটের চাহিদা ধারণার চেয়েও বেশি ছিল। এছাড়া দ্বিতীয় প্রান্তিকে করপোরেট বা ব্যবসায়িক ভ্রমণও অনেক বেড়েছে। এ সময় সবচেয়ে বেশি ভ্রমণ করেছেন মহাকাশ ও প্রতিরক্ষা, ব্যাংকিং ও অটোমোবাইল খাতের কর্মীরা।

জ্বালানির চড়া দামের কারণে চলতি বছর উড়োজাহাজ সংস্থাগুলো অনেক অলাভজনক ফ্লাইট বাতিল করেছে। মার্কিন সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের মে মাসের তুলনায় এবার উড়োজাহাজ ভাড়া প্রায় ২৭ শতাংশ বেড়েছে।

আরও