সরকারের পরিচালন বাজেটের আওতায় আয়োজিত সেমিনার বা কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক, সঞ্চালক, আলোচক ও অংশগ্রহণকারী সবার সম্মানী বাড়ানো হয়েছে। এ সম্মানী সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বাড়িয়ে গত বুধবার অফিস আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
সেমিনার বা কর্মশালার খাতভিত্তিক সম্মানী হার পুনর্নির্ধারণ-সংক্রান্ত এ আদেশে বলা হয়, এখন থেকে মূল প্রবন্ধ উপস্থাপকের সম্মানী হবে সাড়ে ৪ হাজার টাকা। এতদিন যা ছিল সাড়ে ৩ হাজার টাকা। এছাড়া সেমিনার বা কর্মশালার সঞ্চালকের সম্মানীও ১ হাজার টাকা বাড়িয়ে ৪ হাজার করা হয়েছে।
আদেশে বলা হয়, একটি সেমিনার বা কর্মশালায় সর্বোচ্চ তিনজনকে আলোকের সম্মানী প্রদান করা যাবে। আলোচকের সম্মানী দেড় হাজার টাকা বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়। এছাড়া সেমিনার বা কর্মশালায় সহায়ক তিন কর্মচারীকে ২ হাজার টাকা করে সম্মানী দেয়া যাবে। আগে যা ছিল দেড় হাজার টাকা। এছাড়া র্যাপোটিয়ারের সম্মানী ৫০০ টাকা বাড়িয়ে আড়াই হাজারে উন্নীত করা হয়। একটি সেমিনারে সর্বোচ্চ দুজন এ সম্মানী দেয়া যাবে।
সেমিনারে অংশগ্রহণকারীর সম্মানীও ১ হাজার টাকা করে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে।