বার্ষিক মুনাফায় বড় ধস নেমেছে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) খাতের শীর্ষ প্রতিষ্ঠান টেসলার। ইলোন মাস্কের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটির নিট আয় গত বছর ৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৮০ কোটি ডলারে। কভিড মহামারীর পর থেকে এটিই টেসলার সর্বনিম্ন বার্ষিক মুনাফা। চীনা প্রতিদ্বন্দ্বী বিওয়াইডির কাছে শীর্ষস্থান হারানো এবং রাজনৈতিক কারণে ব্র্যান্ড বয়কটের ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। খবর এপি।
টেসলা প্রকাশিত বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে কোম্পানিটি টানা দুই বছর ব্যবসায়িক মন্দায় ছিল। বাজারে তুলনামূলক সাশ্রয়ী মডেলের ইভি উন্মোচন ও ইলোন মাস্কের পূর্ণ মনোযোগের প্রতিশ্রুতি সত্ত্বেও মুনাফার পতন ঠেকানো সম্ভব হয়নি। তবে গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) টেসলার আয় বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় কিছুটা ভালো ছিল। ওই তিন মাসে নিট আয় ৬১ শতাংশ কমে ৮৪ কোটি ডলারে নামলেও শেয়ারপ্রতি আয় হয়েছে ৫০ সেন্ট।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান টেলিমিত্রির বিশ্লেষক সাম আবুয়েলসামিদ বলেন, টেসলার পণ্যগুলো এখন পুরনো হয়ে যাচ্ছে। অন্য নির্মাতারা বাজারে নিয়মিত নতুন মডেল আনায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ইলোন মাস্কের রাজনীতিতে জড়িয়ে পড়ার বিষয়টি অনেক গ্রাহকের জন্য ব্র্যান্ডটির প্রতি আগ্রহ কমিয়েছে। এসব কারণেই টেসলার বিক্রি ও জনপ্রিয়তা আগের চেয়ে কমেছে।
অবশ্য মন্দার মাঝেও কিছু ইতিবাচক দিক সামনে এসেছে। গত প্রান্তিকে টেসলার মোট মুনাফার মার্জিন ১৬ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশে উন্নীত হয়েছে। এছাড়া জ্বালানি স্টোরেজ ব্যবসায় আয় ২৫ শতাংশ বেড়ে ৩৮০ কোটি ডলারে পৌঁছেছে প্রতিষ্ঠানটির।
ইলোন মাস্ক এখন বিনিয়োগকারীদের গাড়ি বিক্রির বদলে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসের দিকে মনোযোগ দিতে উৎসাহী করছেন।
তিনি জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল-জুন নাগাদ এস ও এক্স মডেলের উৎপাদন বন্ধ করে দেবে টেসলা। ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট কারখানাটিকে এখন অপ্টিমাস রোবট তৈরির উপযোগী করে গড়ে তোলা হবে। পাশাপাশি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) যুক্তরাষ্ট্রের সাতটি শহরে চালকবিহীন রোবোট্যাক্সি সেবা চালুর পরিকল্পনা রয়েছে টেসলার।