সিটি গ্রুপের প্রতিষ্ঠান সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের জন্য মর্টগেজ-ব্যাকড জিরো কুপন বন্ড ইস্যু করতে যাচ্ছে। এ বন্ড ইস্যুর দায়িত্ব পেয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর এটি চালু করা হবে।
এ তিন বছর মেয়াদি বন্ড সম্পূর্ণ নিরাপদ ও বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় রিটার্ন নিশ্চিত করবে। ব্যক্তি ও করপোরেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ের বিনিয়োগকারীদের উপযোগী করে এটি ডিজাইন করা হয়েছে।
সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ, নগদ প্রবাহ ব্যবস্থাপনা উন্নতকরণ ও অর্থায়নের পথ বহুমুখী করতে ব্যবহার করবে। এর ফলে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমবে ও বিনিয়োগকারীদের জন্য নতুন এক উদ্ভাবনী সুযোগ তৈরি হবে।
গত ১৭ ফেব্রুয়ারি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং সিটি সুগার ইন্ডাস্ট্রিজের পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল) মোহাম্মদ তানভীর হায়দার পাভেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম আর এফ হোসেন এবং সিটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. হাসান।
ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরো ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং হেড অব স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট তানভীর কামাল।
অন্যদিকে সিটি গ্রুপের ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস) রেজা উদ্দিন আহমেদ এবং ডিরেক্টর (ইমপোর্ট) খিজির হায়াত খান অনুষ্ঠানে অংশ নেন।
এ বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত তহবিল সিটি সুগার ইন্ডাস্ট্রিজের উন্নয়নে সহায়ক হবে। একই সঙ্গে এটি দেশের মূলধন বাজারের বিকাশে ভূমিকা রাখবে এবং ব্র্যাক ব্যাংকের স্ট্রাকচার্ড ফাইন্যান্স বিজনেসকে আরো শক্তিশালী করবে। —বিজ্ঞপ্তি