বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছে জার্মানিভিত্তিক আন্তর্জাতিক টেস্টিং ও সার্টিফিকেশন প্রতিষ্ঠান হোহেনস্টাইন গ্রুপের একটি প্রতিনিধি দল। ঢাকায় বিজিএমইএ কমপ্লেক্সে গতকাল আয়োজিত এ বৈঠকে দেশের পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি ও সাসটেইনেবিলিটি নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়। বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে হোহেনস্টাইন গ্রুপের প্রতিনিধি দলে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও ড. স্টেফান ড্রোস্টে, অ্যাডভাইজরি বোর্ডের সদস্য জুলিয়া মিচিলস এবং হোহেনস্টাইন ল্যাবরেটরিজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. কামরুজ্জামান।
বৈঠকে হোহেনস্টাইন তাদের গবেষণা, টেস্টিং ও সার্টিফিকেশন কার্যক্রমের বিবরণ তুলে ধরে এবং টেকসই উৎপাদন প্রক্রিয়ায় সহায়তা করতে আগ্রহ প্রকাশ করে। বিশেষত ‘মেড ইন গ্রিন’ উদ্যোগ নিয়ে বিজিএমইএর সঙ্গে কাজ করার প্রস্তাব দেয়, যা এসটিইপি সার্টিফিকেশনের মাধ্যমে পরিবেশবান্ধব ও সামাজিকভাবে দায়িত্বশীল পণ্য উৎপাদন নিশ্চিত করে। এছাড়া পোশাকের মূল্য শৃঙ্খলে ট্রেসেবিলিটি ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডিজিটাল প্রডাক্ট পাসপোর্ট (ডিপিপি)’ উন্নয়নে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এ শিল্পে ‘ইউনিফায়েড কোড অব কন্ডাক্ট’ চালুর গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এটি বহুমুখী অডিটের পুনরাবৃত্তি কমিয়ে আনবে।’
এছাড়া তিনি ফাইবারের উৎস সঠিকভাবে নির্ধারণের জন্য ফ্যাব্রিক্সের ডিএনএ টেস্টিংয়ের গুরুত্ব তুলে ধরেন ও হোহেনস্টাইন বাংলাদেশে এ পরিষেবা দিতে পারে কিনা, সে বিষয়ে জানতে চান। পাশাপাশি বিজিএমইএ সদস্য কারখানাগুলোর জন্য এসটিইপি সার্টিফিকেশনের খরচ কমানোর বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানান।