গতকাল লেনদেনের শুরুতে প্রতিষ্ঠানটির শেয়ারদর প্রায় ২৮ শতাংশ বেড়ে যায়। এআই সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে ইন্টেলের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের (সিপিইউ) চাহিদা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে এ ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। খবর রয়টার্স।
এ দরবৃদ্ধির ফলে ইন্টেলের প্রতিটি শেয়ারের দাম ৮৫ ডলারে পৌঁছেছে, যা ২০০০ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। বর্তমানে ইন্টেলের বাজার মূলধন প্রায় ৪২ হাজার কোটি ডলার অতিক্রম করেছে। বিশেষ করে ডেটা সেন্টারে ব্যবহৃত জেনন সার্ভার প্রসেসরের বিপুল চাহিদাই এ পরিবর্তনের মূল কারণ। সংস্থাটির প্রধান অর্থ কর্মকর্তা ডেভিড জিন্সনার জানান, চাহিদা এতই বেশি ছিল যে মজুদে থাকা পুরনো চিপগুলোও বিক্রি করতে হয়েছে।
ইন্টেলের পাশাপাশি এএমডি ও আর্মের শেয়ারের দামও প্রায় ৭ শতাংশ বেড়েছে। টেসলার মতো বড় প্রতিষ্ঠানগুলো এখন ইন্টেলের চিপ তৈরির প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, গ্রাফিকস চিপের পাশাপাশি এখন সাধারণ প্রসেসরও এআই বিপ্লবের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে, যা ইন্টেলকে দীর্ঘদিনের ব্যবসায়িক সংকট কাটিয়ে শক্তিশালী অবস্থানে ফেরার সুযোগ করে দিচ্ছে।