দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত ম্যাড স্টারস ২০২৬-এ ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’ উদ্যোগটি টেকসই উন্নয়ন লক্ষ্য বিভাগে গ্র্যান্ড প্রিক্স পুরস্কার পেয়েছে। একই আয়োজনে জনসংযোগ এবং ব্র্যান্ড অভিজ্ঞতা ও সক্রিয়করণ বিভাগে দুটি ক্রিস্টাল পুরস্কারও অর্জন করেছে উদ্যোগটি।
ডিবিএল সিরামিকস ও পপ ফাইভের যৌথ উদ্যোগে তৈরি ‘টাইলচক’। সিরামিক উৎপাদনের সময় তৈরি হওয়া বর্জ্য বা কাদা ব্যবহার করে শ্রেণিকক্ষের চক তৈরির উদ্যোগ এটি। এর মাধ্যমে শিল্পকারখানার বর্জ্যকে সম্পদে রূপান্তরের পাশাপাশি বর্জ্য কমানো এবং শিক্ষায় অবদান রাখার চেষ্টা করা হয়েছে।
‘ম্যাড স্টারস’-এর তিনটি পুরস্কার ‘টাইলচক’-এর আন্তর্জাতিক স্বীকৃতির তালিকায় নতুন মাত্রা যোগ করেছে। এর আগে উদ্যোগটি অ্যাডফেস্ট, দ্য ওয়ান শো, অ্যাডফোরাম ফিনিক্স অ্যাওয়ার্ডস ও স্পাইকস এশিয়ার মতো আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।
ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, ‘টাইলচক’ যেসব স্বীকৃতি পেয়েছে, তার প্রতিটির জন্যই তারা কৃতজ্ঞ। ‘ম্যাড স্টারস’-এর স্বীকৃতিও তাদের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্জ্য কমানো ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমাতে এখনো অনেক কিছু করার আছে বলেও জানান তিনি।
‘টাইলচক’-এর মাধ্যমে সিরামিক বর্জ্য থেকে চক তৈরির পদ্ধতি সবার জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয়ভাবে উদ্ভাবিত একটি সমাধানকে অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়ে বৈশ্বিক পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই উৎপাদনে অবদান রাখার লক্ষ্য রয়েছে ডিবিএল সিরামিকসের।
—বিজ্ঞপ্তি