নাইকি-অ্যাডিডাসের পর চীনের বাজার ধরার প্রতিযোগিতায় অন

টেনিস তারকা রজার ফেদেরারের বিনিয়োগ থাকা আলোচিত সুইস ফুটওয়্যার নির্মাতা ‘অন’ এখন চীনে ব্যবসা বিস্তারের পরিকল্পনায় বড় ধরনের উদ্যোগ নিয়েছে।

টেনিস তারকা রজার ফেদেরারের বিনিয়োগ থাকা আলোচিত সুইস ফুটওয়্যার নির্মাতা ‘অন’ এখন চীনে ব্যবসা বিস্তারের পরিকল্পনায় বড় ধরনের উদ্যোগ নিয়েছে। দ্রুতবর্ধনশীল ব্র্যান্ডটি জানিয়েছে, তারা এশিয়ার স্বাস্থ্য ও ফিটনেস বাজারে নিজেদের উপস্থিতি জোরদার করতে চায়, বিশেষ করে মূল ভূখণ্ড চীনের মূল ভূখণ্ড ও জাপানে। খবর এফটি।

অন ব্র্যান্ডের ক্লাউডটেক প্রযুক্তির ফাঁপা সোলবিশিষ্ট জুতাগুলো এখন দৌড়বিদদের পাশাপাশি সিলিকন ভ্যালির প্রযুক্তি উদ্যোক্তা ও জাপানের স্টাইলপ্রেমীদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে।

২০১০ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানি ২০২১ সালে নিউইয়র্কের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে শেয়ারের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। বর্তমানে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ২ হাজার কোটি ডলার, যা স্পষ্ট করে দেয় তারা কীভাবে নাইকি ও অ্যাডিডাসের মতো স্পোর্টসওয়্যার জায়ান্টদের কাছ থেকে বাজার দখল করছে।

হলিউড তারকা জেনডায়া ও বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লোয়ভের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে যুক্তরাষ্ট্রে উত্থান ঘটে অনের। এখন এশিয়া মহাদেশে, বিশেষ করে চীন ও জাপানে আগামী দিনে তাদের বড় অংশের প্রবৃদ্ধির আশা করছে কোম্পানিটি।

অনের কো-চিফ এক্সিকিউটিভ ও প্রধান আর্থিক কর্মকর্তা মার্টিন হফম্যান বলেন, ‘শিগগিরই আমাদের শীর্ষ তিন বাজারের একটি হয়ে উঠবে চীন। দুই-তিন বছরের মধ্যে বৈশ্বিক নিট বিক্রির ১০ শতাংশ চীন থেকে আসবে, এটাই আমাদের লক্ষ্য।’

গত সপ্তাহে কোম্পানিটি জানিয়েছে, এশিয়া অঞ্চলে প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) নিট বিক্রি আগের বছরের তুলনায় ১৩০ শতাংশ বেড়ে পৌঁছেছে ১২ কোটি সুইস ফ্রাঁতে, যা তাদের যেকোনো বড় বাজারের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি। বৈশ্বিক বিক্রি বেড়েছে ৪০ শতাংশ, দাঁড়িয়েছে ৭২ কোটি ৬৬ লাখ ফ্রাঁতে।

এরই মধ্যে চীনে তাদের উপস্থিতি নিশ্চিত করেছে অন। দেশটিতে খেলাধুলা ও অবসরের পোশাকের বাজার বেশ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। সাংহাইয়ের অভিজাত কেনাকাটা ও বিনোদন এলাকা জিন তিয়ান ডিতে ব্র্যান্ডটির একটি স্টোর রয়েছে। এপ্রিলে চেংদুতে তারা একটি নতুন ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে, যা চীনে তাদের সবচেয়ে বড় স্টোর।

অনের ক্লাউড এক্স ফোর এডি জুতা চীনে বিক্রি হচ্ছে ১ হাজার ১৯০ ইউয়ান বা প্রায় ১৬৫ ডলারে। এমন সময় চীনে খেলাধুলার প্রিমিয়াম জুতা ব্র্যান্ডগুলোর বিক্রি বাড়ছে যখন বিলাসবহুল পণ্যের বাজারে দেখা দিয়েছে মন্দা। এর প্রভাব পড়েছে সুইস জায়ান্ট রি‌শমঁ থেকে শুরু করে ফরাসি প্রতিষ্ঠান এলভিএমএইচের ওপর।

হফম্যান বলেন, ‘আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, গ্রাহকরা এখন বিলাসপণ্য থেকে সরে এসে প্রিমিয়াম সেগমেন্টের দিকে ঝুঁকছে আর আমরা ঠিক সেখানেই অবস্থান করছি।’

স্থানীয় বাজারের জন্য চীনে উৎপাদনের বিষয়টিও অনের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে। যদিও বর্তমানে কোম্পানিটি তাদের বেশির ভাগ উৎপাদন ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় সরিয়ে নিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, চীনা বাজারে অনের প্রতিদ্বন্দ্বিতা বেশ কঠিন আর সেটা শুধু নবীন ব্র্যান্ডগুলোর মধ্যেই নয়, বরং অ্যাডিডাসের মতো প্রতিষ্ঠিত খেলোয়াড়রাও রয়েছে সেখানে। গত বছর চীনে বিক্রি দ্বিগুণ বৃদ্ধির খবর দিয়েছে অ্যাডিডাস এবং নিজেদের স্টোর নেটওয়ার্কও সম্প্রসারণ করছে।

অন্যদিকে আন্তা স্পোর্টস, লি-নিং ও এক্সটেপের মতো ঘরোয়া ব্র্যান্ডগুলো চীনের ভোক্তাদের মধ্যে নিজস্ব জাতিগত পরিচয়ের আকর্ষণ কাজে লাগিয়ে বাজারের উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণ করছে। ২০২৪ সালে আন্তা যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা কাইরি আরভিংয়ের সঙ্গে চুক্তির সুবিধা নিয়ে প্রত্যাশার তুলনায় বেশি বিক্রি করেছে।

চীনে অন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তা স্বীকার করেন হফম্যান। সেই সঙ্গে ব্র্যান্ডটি স্থানীয় বাজারে নতুন মানদণ্ড স্থাপন করতে চায়। তিনি বলেন, ‘আমরা একটি ব্যতিক্রমধর্মী পণ্য দিচ্ছি। সুইস ব্র্যান্ড হিসেবে আমাদের রয়েছে স্বতন্ত্র পরিচয়, যা এ সময়ের প্রেক্ষাপটে বাড়তি সুবিধা দেবে বলে আমরা আশাবাদী।’

আরও