আনুষ্ঠানিকভাবে পিক্সেল ১০এ স্মার্টফোনের পর্দা উন্মোচন করেছে টেক জায়ান্ট গুগল। সম্প্রতি এক সংক্ষিপ্ত টিজার ভিডিওর মাধ্যমে সাশ্রয়ী বাজেটের নতুন ডিভাইসটি প্রদর্শন করে কোম্পানিটি জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি থেকে ফোনটির প্রি-অর্ডার শুরু হবে। গত বছরের পিক্সেল ৯এ মার্চে বাজারে এলেও এবার কিছুটা আগেই নতুন সংস্করণটি আনার ঘোষণা দিল গুগল। খবর নাইন টু ফাইভ গুগল।
প্রকাশিত টিজারে নীল রঙের পিক্সেল ১০এ-এর প্রথম ঝলক দেখা গেছে। পাশাপাশি আগ্রহী ক্রেতাদের জন্য ‘এক্সক্লুসিভ অফার’ পেতে সাইন-আপ করার সুযোগ রাখা হয়েছে। নতুন এ ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারের ওপর বিশেষ জোর দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
● রঙ ও নকশা
গুগলের নতুন পিক্সেল ১০এ স্মার্টফোনটির ডিজাইনে অনেকটা আগের সংস্করণ পিক্সেল ৯এ-এর আদল রাখা হয়েছে। ফোনটিতে কোনো বড় ক্যামেরা বাম্প নেই, ফলে সমতল জায়গায় রাখলে এটি বেশ মসৃণ দেখায়। যদিও ডিজাইন একই রাখা হয়েছে, তবে হার্ডওয়্যারে বড় ধরনের পরিবর্তনের গুঞ্জন থাকলেও গুগল এখন পর্যন্ত তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ক্রেতাদের জন্য ফোনটি চারটি বিশেষ রঙে পাওয়া যাবে বলে কোম্পানিটি জানিয়েছে। রঙগুলো হলো অবসিডিয়ান (কালো), ফগ (সাদা), বেরি (লালচে আভা) ও ল্যাভেন্ডার (বেগুনি)।
● টেনসর জি৪ চিপ, বড় ব্যাটারি ও ক্যামেরা আপগ্রেড
গুগলের আসন্ন স্মার্টফোনটিতে ব্যবহার করা হচ্ছে পিক্সেল ৯ সিরিজের অনুরূপ শক্তিশালী ‘টেনসর জি৪’ প্রসেসর। তবে উন্নত পারফরম্যান্স নিশ্চিত করতে এতে প্রসেসরের একটি ‘বুস্টেড’ বা উচ্চ ক্ষমতাসম্পন্ন সংস্করণ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ডিভাইসটিতে থাকছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট
● সম্বলিত ৬ দশমিক ৩ ইঞ্চির অ্যামোলেড
ডিসপ্লে ও দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ৫ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের বিশাল ব্যাটারি, যা ২৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। ফোনটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনে বাজারে পাওয়া যাবে। ছবি তোলার জন্য এর পেছনে ৪৮ মেগাপিক্সেলের মূল সেন্সর এবং ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্সের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে। এছাড়া ভিডিও কল ও সেলফির জন্য সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করা হয়েছে।
● সফটওয়্যারে বড় পরিবর্তন
সফটওয়্যারের ক্ষেত্রে গুগল পিক্সেল ১০এ ফোনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বিশেষ করে অ্যান্ড্রয়েডের ‘কুইক শেয়ার’ ফিচারে অ্যাপলের ‘এয়ারড্রপ’-এর মতো উন্নত সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গুগলের অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিক কে সম্প্রতি জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে তারা কুইক শেয়ারের পরিধি আরো বিস্তৃত করতে কাজ করছেন। ফলে আইফোন বা ম্যাকবুকের মতো ডিভাইসে ফাইল পাঠানো আরো দ্রুত ও সহজ হবে।