নিজেদের উৎপাদন কারখানায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত হিউম্যানয়েড রোবটের বাস্তব পরীক্ষা শুরু করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেই জুন একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে শাওমির স্বয়ংক্রিয় হিউম্যানয়েড রোবটকে একটি গাড়ি নির্মাণ কারখানার উৎপাদন লাইনে টানা কাজ করতে দেখা যায়। খবর ইন্ডিয়া টুডে।
ভিডিওতে দেখা যায়, শাওমি ব্র্যান্ডের লোগোযুক্ত রোবটটি গাড়ির উৎপাদন লাইনে সেন্ট্রাল কনসোলের সাইড কভারগুলো নিখুঁতভাবে বাছাই করে নির্দিষ্ট বিনে সাজিয়ে রাখছে। একই সময় চাকাযুক্ত আরেকটি রোবটকেও চলাচল করতে দেখা যায়।
পোস্টে শাওমির সিইও উল্লেখ করেন, শিল্প কারখানায় রোবটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বড়, আঁকাবাঁকা ও নমনীয় যন্ত্রাংশগুলো দীর্ঘ সময় ধরে নিখুঁতভাবে নাড়াচাড়া করা। শাওমির তৈরি রোবটটি সফলভাবে জটিল কাজটি করতে পারছে বলে জানান তিনি।
বাণিজ্যিক বাজারে রোবট বিক্রির বিষয়ে শাওমি এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে বিশ্লেষকরা বলছেন, নিজস্ব উৎপাদন কেন্দ্রে এ প্রযুক্তির ধারাবাহিক পরীক্ষা মূলত শাওমির রোবোটিকস ব্যবসার বড় বাণিজ্যিক পরিকল্পনারই অংশ। এর আগে ২০২২ সালে ‘সাইবারওয়ান’ নামের প্রথম হিউম্যানয়েড রোবট উন্মোচন করে এ খাতে পা রাখে শাওমি। সে সময় প্রযুক্তিটি কেবল গবেষণা ও উন্নয়ন পর্যায়ে সীমাবদ্ধ ছিল।
চলতি বছরের শুরুতে শাওমি জানায়, স্বয়ংক্রিয় রোবটগুলো মানুষের কোনো সাহায্য ছাড়াই বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) কারখানায় টানা ৩ ঘণ্টা কাজ করতে সক্ষম।