যুক্তরাষ্ট্রে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে সফটব্যাংক

যুক্তরাষ্ট্রে বড় অংকের বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপানের সফটব্যাংক।

যুক্তরাষ্ট্রে বড় অংকের বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপানের সফটব্যাংক। সম্প্রতি বহুজাতিক বিনিয়োগ সংস্থাটির সিইও মাসায়োশি সন ও সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, আগামী চার বছরে সফটব্যাংক যুক্তরাষ্ট্রের প্রকল্পগুলোয় ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। খবর দ্য ন্যাশনাল।

ডোনাল্ড ট্রাম্পের মার-আ-লাগো রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন মাসায়োশি সন। তিনি এ বিনিয়োগকে ট্রাম্পের বিজয়ের উদযাপন বলে উল্লেখ করেন।

১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ মাসায়োশি সনের ২০১৬ সালে করা পূর্ববর্তী অঙ্গীকারের দ্বিগুণ। বিষয়টি নিয়ে রসিকতা করে ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন করেন, তিনি কি এ বিনিয়োগকে ফের দ্বিগুণ করে ২০০ বিলিয়ন করবেন কিনা।

সফটব্যাংকের বিনিয়োগের ঘোষণাকে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার চিহ্ন হিসেবে প্রশংসা করেন রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট। তিনি জানান, নির্বাচনের জয়ের পর থেকে বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে লগ্নির আগ্রহ প্রকাশ করছে।

১৯৮১ সালে সফটব্যাংক প্রতিষ্ঠা করেন মাসায়োশি সন। প্রতিষ্ঠানটি এরই মধ্যে আলিবাবা, এনভিডিয়া ও ইয়াহুর মতো বিশ্বব্যাপী পরিচিত কোম্পানিতে বিনিয়োগ করেছে। সম্প্রতি রিয়াদে রোবট কারখানা নির্মাণে সৌদি আরবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সফটব্যাংক। তবে সংস্থাটির সব বিনিয়োগ যে সফল হয়েছে, এমন নয়। ওয়ার্কস্পেস পরিষেবাদাতা কোম্পানি উইওয়ার্ক বা পিৎজা প্রস্তুতকারী কোম্পানি জুমের মতো ব্যর্থ প্রকল্পে বড় অংকের বিনিয়োগ করে ক্ষতির সম্মুখীন হয়েছে সফটব্যাংক। তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের নীতির সঙ্গে একমত পোষণ করে বড় অংকের বিনিয়োগের ঘোষণা দিল এবার।

২০১৬ সালে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর দায়িত্ব নেয়ার আগেই মাসায়োশি সনের সঙ্গে দেখা করেন। ওই সময় এ উদ্যোক্তা যুক্তরাষ্ট্রে ৫০ হাজার কর্মসংস্থান ও ৫ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন।

দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার আগে আর্থিক ও ব্যবসা খাতে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সম্প্রতি জানান, ২০ জানুয়ারি হোয়াইট হাউজে বসার পর ১০০ কোটি ডলারের বেশি অংকের বিনিয়োগকারীরা দ্রুত অনুমোদন এবং পরিবেশগত ছাড়পত্রসহ প্রয়োজনীয় অনুমোদন পেয়ে যাবেন।

আরও