এসবিএসি ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের (এসবিআইএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহবুবর রহমান। গতকাল বুধবার এসবিআইএলের পরিচালনা পর্ষদের ৩০তম সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
মোহাম্মদ মাহবুবর রহমান এসবিএসি ব্যাংক পিএলসির প্রতিনিধি পরিচালক হিসেবে ইনটেক সল্যুশন কর্তৃক মনোনীত। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত জীবনে বাংলাদেশ, মালয়েশিয়া, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়াসহ ছয়টি দেশে ২৭ বছরের বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে তার। স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্টস ও ম্যারিয়ট ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন তিনি।
মোহাম্মদ মাহবুবর রহমান ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ফেলো ও কাউন্সিল সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে মাস্টার অব কমার্স ডিগ্রি অর্জন করেন তিনি। আর্থিক ব্যবস্থাপনা, কৌশলগত পরিকল্পনা, ব্যবসায়িক নেতৃত্ব ও সাংগঠনিক রূপান্তরে তার অভিজ্ঞতা রয়েছে।