গুগল পে সেবা চালু করল ব্র্যাক ব্যাংক

ভিসা ক্রেডিট কার্ডধারীদের জন্য গুগল পে সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ভিসা ক্রেডিট কার্ডধারীদের জন্য গুগল পে সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে দেশ-বিদেশে দ্রুত, নিরাপদ ও কন্টাক্টলেস লেনদেন করা যাবে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসরকারি ব্যাংকটি।

গুগল পে সেবার মাধ্যমে এখন থেকে ব্র্যাক ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে দেশ-বিদেশের লক্ষাধিক গুগল পে সাপোর্টেড মার্চেন্ট পয়েন্টে সহজেই পেমেন্ট করতে পারবেন। ফলে গ্রাহকদের দৈনন্দিন লেনদেনের জন্য আর আলাদা করে ফিজিক্যাল কার্ড বহন করতে হবে না।

গুগল পে অ্যাডভান্সড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে গ্রাহকের কার্ডের তথ্য কখনই মার্চেন্টের সঙ্গে শেয়ার হয় না এবং প্রতিটি লেনদেনেই থাকে সর্বোচ্চ নিরাপত্তা। শক্তিশালী এ নিরাপত্তা ব্যবস্থা বিশ্বজুড়ে গুগল পে-কে একটি নির্ভরযোগ্য ডিজিটাল পেমেন্ট সলিউশন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সেবাটির উদ্বোধন উপলক্ষে ব্র্যাক ব্যাংক গ্রাহকরা নিজেদের প্রথম গুগল পে ট্রানজেকশনে ২০ শতাংশ ক্যাশব্যাক এবং দ্বিতীয় ও তৃতীয় ট্রানজেকশনে ১০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা পাবেন। ক্যাম্পেইনের শর্তাবলির ভিত্তিতে অফারটি চলবে ৩১ মার্চ পর্যন্ত।

ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘ভিসা ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য গুগল পে চালু আমাদের ডিজিটাল রূপান্তর যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্রাহককেন্দ্রিক সেবার সঙ্গে বৈশ্বিক পেমেন্ট প্রযুক্তি যুক্ত করার মাধ্যমে আমরা গ্রাহকদের দিচ্ছি বিশ্বজুড়ে নিরাপদ ও দ্রুত লেনদেনের সুবিধা।’

আরও