ভারতের তামিলনাড়ুতে নতুন করে ১৫ হাজার কোটি রুপি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ফক্সকন। এতে রাজ্যটিতে নতুন ১৪ হাজার কর্মসংস্থান তৈরি হবে। সামাজিক মাধ্যমে তামিলনাড়ুর শিল্পমন্ত্রী টিআরবি রাজা এ তথ্য জানিয়েছেন। খবর দ্য হিন্দু।
তাইওয়ানভিত্তিক ইলেকট্রনিকস কোম্পানি ফক্সকন মূলত অ্যাপল, সনি, মাইক্রোসফট এবং অন্যান্য বড় ব্র্যান্ডের জন্য ইলেকট্রনিক ডিভাইস উৎপাদন করে। এটি বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিকস কনট্র্যাক্ট ম্যানুফ্যাকচারার হিসেবে পরিচিত। সম্প্রতি ভারতে উৎপাদন কেন্দ্র সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।
টিআরবি রাজা জানান, পরবর্তী পর্যায়ের ভ্যালু-অ্যাডেড ম্যানুফ্যাকচারিং, গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সংযোজন এবং এআই-নির্ভর আধুনিক প্রযুক্তি কার্যক্রম তামিলনাড়ুতে নিয়ে আসবে ফক্সকন।
সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফক্সকন ইন্ডিয়ার চেয়ারম্যান রবার্ট উ। বিষয়টি উল্লেখ করে টিআরবি রাজা জানান, সাক্ষাতে তামিলনাড়ুর ওপর ফক্সকনের গভীর আস্থা পুনর্ব্যক্ত করেছেন রবার্ট। পাশাপাশি বিনিয়োগ প্রতিশ্রুতিও পুনরায় নিশ্চিত করেছেন তিনি।
এ-বিষয়ক বিবৃতিতে রবার্ট উকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘তামিলনাড়ুর শাসন ব্যবস্থা, সক্রিয় শিল্পনীতি এবং দক্ষ মানবসম্পদে আস্থা রাখে ফক্সকন। তামিলনাড়ুর অবকাঠামোগত প্রস্তুতি, ব্যবসায়িক সুবিধা এবং ভবিষ্যৎমুখী নীতি নেতৃত্ব ফক্সকনের কার্যক্রম সম্প্রসারণের জন্য অঞ্চলটিকে পছন্দের গন্তব্য হিসেবে পরিণত করেছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও ফক্সকনের সম্প্রসারণ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘তামিলনাড়ুকে একটি বৈশ্বিক ইলেকট্রনিকস ও আধুনিক উৎপাদন শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে এবং আন্তর্জাতিক ভ্যালু চেইন গভীরভাবে সংযুক্ত রাখতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
তামিলনাড়ুতে ফক্সকনের প্রথম উল্লেখযোগ্য বিনিয়োগটি ছিল প্রায় ১২ হাজার ৮০০ কোটি রুপির। গত মে মাসে জানানো হয়, এ বিনিয়োগ পরিকল্পনা পাঁচ বছরে বাস্তবায়ন হবে। এতে বিশেষ গুরুত্ব পায় আইফোন উৎপাদন।