নিম্নমুখী চাহিদা ও পর্যাপ্ত মজুদ

স্পট মার্কেটে এলএনজির দরপতন

এশিয়ার স্পট বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম গত সপ্তাহে কমেছে।

এশিয়ার স্পট বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম গত সপ্তাহে কমেছে। নিম্নমুখী চাহিদা, পর্যাপ্ত মজুদ ও চীনে উৎপাদন বৃদ্ধির কারণে এ নিম্নমুখী প্রবণতা চলতি সপ্তাহেও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

শিল্পসংশ্লিষ্ট সূত্রের হিসাব অনুযায়ী উত্তর-পূর্ব এশিয়ায় নভেম্বরে সরবরাহের চুক্তিতে গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ছিল গড়ে ১১ ডলার ২০ সেন্ট। এটি আগের সপ্তাহের ১১ ডলার ৫০ সেন্টের তুলনায় কম।

ডাটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান কেপলারের এলএনজি অ্যান্ড গ্যাস অ্যানালিস্ট গো কাতায়ামা জানান, চীনে সেপ্টেম্বর-ডিসেম্বর পর্যন্ত প্রাকৃতিক গ্যাস উত্তোলন বৃদ্ধির পূর্বাভাস এবং নভেম্বরে ভূগর্ভস্থ গ্যাস মজুদ থেকে বাড়তি উত্তোলনের খবরে স্পট মার্কেটে এলএনজির দাম কমেছে। এছাড়া এশিয়ার দেশগুলোয় বেশি মজুদও জ্বালানি পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রাখছে।

ইউরোপে সাপ্তাহিক লেনদেনের শেষদিন শুক্রবার এলএনজির দাম কিছুটা বাড়লেও সামগ্রিকভাবে দামের ওঠানামা কম।

নরওয়ের রক্ষণাবেক্ষণ মৌসুম শেষ হওয়ায় সরবরাহ বাড়লেও ফ্রান্সে ধর্মঘটের কারণে তা ব্যাহত হচ্ছে। এ ধর্মঘট চলতি মাসজুড়ে অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। এতে ফ্রান্সে স্বল্প সময়ের মধ্যে সরবরাহযোগ্য প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। এছাড়া কিছু কার্গো উত্তর-পশ্চিম ইউরোপের অন্যান্য টার্মিনালে চলে যাচ্ছে।

কেপলারের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে ইউরোপের টিটিএফে (নেদারল্যান্ডসভিত্তিক প্রাকৃতিক গ্যাস ট্রেডিং হাব) নিকটবর্তী সময়ে সরবরাহের চুক্তিতে এলএনজির দাম স্থিতিশীল থাকবে। এ সময় পর্যাপ্ত পাইপলাইন ও এলএনজি সরবরাহ নবায়নযোগ্য শক্তি উৎপাদনে হ্রাস এবং আলজেরিয়া থেকে গ্যাস প্রবাহ কমে যাওয়ার প্রভাব সামাল দিতে সক্ষম হবে।

ডাটা ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান অরবিফাই জানায়, আগামী দুই সপ্তাহে ৩২টি জাহাজে করে ১৩ লাখ ঘনমিটার এলএনজি ইউরোপে পৌঁছবে।

এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস জানিয়েছে, নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) আদর্শে অক্টোবরে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম দাঁড়িয়েছে ১০ ডলার ৯৬ সেন্টে, যা টিটিএফের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির তুলনায় প্রায় ৬৫ সেন্ট কম। আর্গাস এ দাম নির্ধারণ করেছে প্রতি এমএমবিটিইউয়ে ১১ ডলার। এ সময় স্পার্ক কমোডিটিস অক্টোবরের সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির চুক্তিমূল্য নির্ধারণ করেছে ১০ ডলার ৬৮ সেন্ট। এ সময় স্পার্ক কমোডিটিজ অক্টোবরে সরবরাহের চুক্তিতে দাম নির্ধারণ করেছে এমএমবিটিইউয়ে ১০ ডলার ৫১ সেন্ট।

স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক এডওয়ার্ড আরমিটেজ জানান, যুক্তরাষ্ট্র থেকে উত্তর-পূর্ব এশিয়ায় গুড হোপ অন্তরীপ বা পানামা খাল হয়ে এলএনজি সরবরাহের পরিবর্তে ইউরোপে পাঠানোর প্রবণতা এখনো বজায় আছে। আটলান্টিক মহাসাগরীয় পথে এলএনজির পরিবহন ব্যয় টানা দ্বিতীয় সপ্তাহের মতো কমে দৈনিক ২১ হাজার ৫০০ ডলারে নেমে এসেছে। এ সময় প্রশান্ত মহাসাগরীয় পথে পরিবহন ব্যয় কমে নেমে এসেছে দৈনিক ২৫ হাজার ২৫০ ডলারে।

আরও