করনীতির কারণে বিদেশী বংশোদ্ভূত ধনীদের যুক্তরাজ্য ছাড়ার হার বাড়ছে। সম্প্রতি এ মিছিলে সামিল হলেন ভারতী গ্রুপের উত্তরাধিকারী শ্ৰবীন ভারতী মিত্তাল। যুক্তরাজ্য ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলে গেছেন ৩৭ বছর বয়সী এ ব্যবসায়ী। তিনি ব্রিটিশ টেলিকম কোম্পানি বিটি টেলিকমের অন্যতম শেয়ারহোল্ডার। খবর ইকোনমিক টাইমস।
২০২৪ সালের মার্চে তৎকালীন কনজারভেটিভ সরকার যুক্তরাজ্যে বসবাসরত বিদেশীদের দেয়া বিশেষ কর সুবিধা বাতিল করে, যার মাধ্যমে ১৫ বছর পর্যন্ত বিদেশী আয়ের ওপর তারা ছাড় পেতেন। গত জুলাইয়ে ক্ষমতায় আসা লেবার সরকারও সে নীতি বজায় রাখে। তবে চ্যান্সেলর র্যাচেল রিভস এক ধাপ এগিয়ে বিদেশীদের সম্পদের উত্তরাধিকার কর ছাড় বাতিল করেন। ফলে অনেকেই যুক্তরাজ্য ত্যাগ করছেন বা ভাবছেন বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে।
মিত্তাল পরিবার ২ হাজার ৭২০ কোটি ডলার সম্পদের অধিকারী। যুক্তরাজ্যে অন্যতম বৃহৎ মোবাইল ও ব্রডব্যান্ড কোম্পানির ২৪ দশমিক ৫ শতাংশের মালিক। নথি বিশ্লেষণ করে দেখা গেছে, শ্রবীন ভারতী গত মাসে তার লন্ডনভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠানের শাখা খুলেছেন আবুধাবিতে। অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মিত্তাল পরিবার।
শ্রবীনের বাবা ভারতী এয়ারটেলের প্রতিষ্ঠাতা সুনিল মিত্তাল। শ্রবীনের পড়াশোনা লন্ডনে। তিনি আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগানে কাজ করেছেন এক সময়। পরে পারিবারিক প্রতিষ্ঠানে যোগ দেন। তিনি ২০২৩ সালে বিটির শেয়ার কেনেন।
প্রতিবেদন অনুসারে, যুক্তরাজ্যের নতুন করনীতির কারণে অনেক ধনী ব্যক্তি, বিশেষ করে বিদেশী ধনীরা, দেশটি ছেড়ে মধ্যপ্রাচ্য বা কর ছাড় দেয় এমন দেশে চলে যাচ্ছেন। সম্প্রতি মিসরের শীর্ষ ধনী ব্যক্তি নাসেফ সাওইরিস ও লাজারি পরিবারের সদস্যরা অন্য দেশে চলে গেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, আরো অনেকেই এ পথে হাঁটবেন। কারণ যেখানে কম কর দিতে হয়, সেখানে চলে যেতে প্রস্তুত ধনীরা।