শীর্ষ ৮ কোম্পানির বাজার মূলধন কমেছে ২ হাজার ৭৪১ কোটি টাকা

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে বড় দরপতন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স এ সময় ১৪৭ পয়েন্ট হারিয়েছে।

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে বড় দরপতন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স এ সময় ১৪৭ পয়েন্ট হারিয়েছে। পুঁজিবাজারের এ দরপতনের ক্ষেত্রে শীর্ষ বাজার মূলধনি কোম্পানির শেয়ারদরে নিম্নমুখিতা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। গত সপ্তাহে শীর্ষ আট কোম্পানির বাজার মূলধন কমেছে ২ হাজার ৭৪১ কোটি টাকা।

গত সপ্তাহে শীর্ষ ১০ বাজার মূলধনি কোম্পানির মধ্যে আটটিরই মূলধন কমেছে। এর বিপরীতে একটির বাজার মূলধন বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে একটির। এ সময়ে দেশের পুঁজিবাজারের মোট বাজার মূলধন কমেছে ১ হাজার ৪০৮ কোটি টাকা।

তামাক খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) বাজার মূলধন গত সপ্তাহে সবচেয়ে বেশি ৬২৬ কোটি টাকা কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ১৪ হাজার ৪৭২ কোটি টাকায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৫ হাজার ৯৮ কোটি টাকা।

ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন কমেছে ৫০৫ কোটি টাকা, গত সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৭ হাজার ৮৯৭ কোটি টাকা, আগের সপ্তাহে যা ছিল ১৮ হাজার ৪০৩ কোটি টাকায়। গত সপ্তাহে ম্যারিকো বাংলাদেশের বাজার মূলধন কমেছে ৪৯১ কোটি টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ৭ হাজার ২৪৪ কোটি টাকায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৭ হাজার ৭৩৫ কোটি টাকা। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন গত সপ্তাহ শেষে ১১ হাজার ৭৮১ কোটি টাকায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১২ হাজার ২৫০ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ৪৬৯ কোটি টাকা।

টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটার বাজার মূলধন গত সপ্তাহে ২৬২ কোটি টাকা কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১২ হাজার ৩০৯ কোটি টাকায়, আগের সপ্তাহে যা ছিল ১২ হাজার ৫৭১ কোটি টাকা। গত সপ্তাহে ব্র্যাক ব্যাংকের বাজার মূলধন কমেছে ১৮৬ কোটি টাকা। সপ্তাহ শেষে ব্যাংকটির বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ১৫৮ কোটি টাকায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৯ হাজার ৩৪৪ কোটি টাকা।

বিদ্যুৎ খাতের ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বাজার মূলধন গত সপ্তাহে ১০৪ কোটি টাকা কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ হাজার ৮০০ কোটি টাকায়, আগের সপ্তাহে যা ছিল ৬ হাজার ৯০৪ কোটি টাকা। বার্জার পেইন্টস বাংলাদেশের বাজার মূলধন গত সপ্তাহে ৯৭ কোটি টাকা কমে ৮ হাজার ১১৪ কোটি টাকায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৮ হাজার ২১২ কোটি টাকা।

টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোনের বাজার মূলধন গত সপ্তাহে ২০২ কোটি টাকা বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৬৭ কোটি টাকায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৩৮ হাজার ৬৫ কোটি টাকা। গত সপ্তাহ শেষে ওষুধ খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন ১০ হাজার ৩৫৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহেও যা ছিল একই।

আরও