ইউবিএসের পূর্বাভাস

আন্তর্জাতিক বাজারে আরো বাড়তে পারে তামার দাম

সরবরাহ সংকট তীব্র হওয়ায় আগামী বছর বিশ্ববাজারে তামার দাম আরো বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ইউবিএস।

সরবরাহ সংকট তীব্র হওয়ায় আগামী বছর বিশ্ববাজারে তামার দাম আরো বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ইউবিএস। প্রতিষ্ঠানটি জানায়, বিদ্যুতায়ন ও পরিচ্ছন্ন জ্বালানি কাঠামোয় বিনিয়োগ বাড়তে থাকায় দীর্ঘমেয়াদে ধাতুটির চাহিদাও ঊর্ধ্বমুখী থাকতে পারে। খবর রয়টার্স।

ইউবিএসের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী ২০২৬ সালের মার্চে তামার দাম পৌঁছতে পারে টনপ্রতি ১১ হাজার ৫০০ ডলার পর্যন্ত। এছাড়া আগামী বছরের জুন ও সেপ্টেম্বরে ধাতুপণ্যটির দাম বেড়ে যথাক্রমে ১২ হাজার ও ১২ হাজার ৫০০ ডলারে দাঁড়াতে পারে। এটি আগে দেয়া পূর্বাভাসের তুলনায় ১ হাজার ডলার বেশি।

প্রতিষ্ঠানটির প্রাক্কলন অনুযায়ী ২০২৬ সালের ডিসেম্বরে প্রতি টন তামার দাম পৌঁছতে পারে ১৩ হাজার ডলারে।

বিনিয়োগ ব্যাংকটি আরো জানায়, চলতি বছর একের পর এক খনি থেকে সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বব্যাপী তামার সরবরাহ সংকট আরো বেড়েছে। চলতি বছর ধাতুপণ্যটির সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে ২ লাখ ৩০ হাজার টন, যা আগের পূর্বাভাসের চার গুণেরও বেশি। অন্যদিকে ২০২৬ সালে ঘাটতি বেড়ে দাঁড়াতে পারে ৪ লাখ ৭ হাজার টনে।

ইন্দোনেশিয়ার ফ্রিপোর্ট-ম্যাকমোরানের গ্রাসবার্গ খনিতে উত্তোলন ব্যাহত হওয়া, চিলিতে ধীরগতির উত্তোলন পুনরুদ্ধার এবং পেরুতে বারবার শ্রমিক বিক্ষোভের কারণে দীর্ঘমেয়াদে সরবরাহে বিঘ্ন দেখা দিতে পারে।

গত সপ্তাহেই ফ্রিপোর্ট জানিয়েছে, দুই মাস আগে মারাত্মক দুর্ঘটনার পর বন্ধ হওয়া গ্রাসবার্গ খনিতে উত্তোলন আগামী বছরের জুলাইয়ের মধ্যে পুরোপুরি পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে।

ইউবিএস বলছে, আকরিকের মান কমে যাওয়া এবং খনিগুলোর নানা অপারেশনাল সমস্যার কারণে ২০২৫ সালে পরিশোধিত তামা উৎপাদন বৃদ্ধির হার সীমিত হয়ে ১ দশমিক ২ শতাংশে নেমে আসতে পারে। ২০২৬ সালে এ বৃদ্ধির হার হতে পারে ২ দশমিক ২ শতাংশ।

অন্যদিকে বিশ্বব্যাপী তামার চাহিদা ২০২৫ ও ২০২৬ উভয় বছরেই ২ দশমিক ৮ শতাংশ হারে বাড়তে পারে। বিদ্যুচ্চালিত গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক উন্নয়ন ও ডাটা সেন্টারে বিনিয়োগ বৃদ্ধি তামার চাহিদা বাড়ার পেছনে মূল ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও