ভারতে ভেঞ্চার ক্যাপিটাল (ভিসি) কার্যক্রম আগের বছরের তুলনায় ২০২৪ সালে ১৪ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৬৭৭ কোটি ডলারে পৌঁছেছে। একই সময়ে চুক্তির পরিমাণ বেড়েছে ২১ দশমিক ৮ শতাংশ। খবর দ্য হিন্দু।
ভিসি কার্যক্রমের প্রবৃদ্ধিতে নেতৃত্বের আসনে ছিল ভারতের প্রযুক্তি খাত। এতে ৬৫০ কোটি ডলারের চুক্তি হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৫২ দশমিক ৫ শতাংশ বেশি। ভোক্তা খাতে বিনিয়োগ হয়েছে ২৩০ কোটি ডলার, যা ৩২ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি প্রতিফলিত করে। তবে আর্থিক খাতে সামান্য পতন ঘটে ২২০ কোটি ডলার বিনিয়োগ হয়েছে।
২০২৪ সালের প্রধান চুক্তির মধ্যে রয়েছে কিরানা কার্ট টেকনোলজিসে ১৩০ কোটি ডলার ও পুলসাইড এআই এসএএসে ৫০ কোটি ডলারের বিনিয়োগ।
বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুসারে, ভারতের স্টার্ট-আপ ইকোসিস্টেমে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে এবং ২০২৫ সালে বড় ধরনের উন্নতি দেখতে পাওয়া যাবে।
অন্যদিকে চীনের ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং ২০২৪ সালে উল্লেখযোগ্য ধীরগতি দেখেছে। দেশটিতে জানুয়ারি-নভেম্বর পর্যন্ত মোট ২ হাজার ৩১৩টি চুক্তি হয়েছে এবং এর আর্থিক পরিমাণ ছিল ৩ হাজার ২৩০ কোটি ডলার। এর আগে ২০২৩ সালে ৩ হাজার ৬টি চুক্তিতে ৪ হাজার ১৭০ কোটি ডলার ভিসি সংগ্রহ করা হয়।
২০২৪ সালে চীনে উল্লেখযোগ্য ভিসি চুক্তির মধ্যে ছিল চাংক্সিন টেকনোলজিতে ১৫০ কোটি ডলার, এভিএটিআরে ১৪০ কোটি, আইএম মোটরসের ১১০ কোটি ও মুনশট এআইয়ে ১০০ কোটি ডলার বিনিয়োগ।