ইউরোপীয় গমের রফতানি মূল্য সম্প্রতি খুব ব্যয়বহুল হয়ে পড়েছিল। এমন পরিস্থিতি এ অঞ্চলের রফতানি প্রতিযোগিতায় প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন ব্যবসায়ীরা। ফলে গত সোমবার তা কিছুটা কমে এসেছে। এছাড়া দরপতনের পেছনে মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ইউরোপীয় বাজারে সামগ্রিক চাপ ও শিকাগো বাজারে দরপতনও প্রভাব ফেলেছে। পাশাপাশি ইউরোপে ভালো ফলনের পূর্বাভাস দাম কমার আরেকটি উল্লেখযোগ্য কারণ। খবর বিজনেস রেকর্ডার।
প্যারিসভিত্তিক ইউরোনেক্সট বাজারে সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে মানসম্পন্ন গমের দাম গত সোমবার কমেছে ১ দশমিক ৭ শতাংশ। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ২০৫ ইউরোয় (২৩৬ ডলার ৪৭ সেন্ট)। একই সময় শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গমের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি বুশেলের (৬০ পাউন্ড) মূল্য নেমে আসে ৫ ডলার ৭০ সেন্টে (টনপ্রতি ২০৯ ডলার ৪০ সেন্ট)।