ফেড চেয়ারম্যানের মন্তব্যে স্বর্ণের দামে উল্লম্ফন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েলের মন্তব্যে সেপ্টেম্বরে সুদহার কমার সম্ভাবনা জোরদার হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েলের মন্তব্যে সেপ্টেম্বরে সুদহার কমার সম্ভাবনা জোরদার হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। খবর রয়টার্স।

শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ৩ হাজার ৩৭৩ ডলার ৮৯ সেন্টে। এটি আগের দিনের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি। এ সময় যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৪১৮ ডলার ৫০ সেন্টে স্থির হয়।

পাওয়েল ফেডের জ্যাকসন হোল সম্মেলনে দেয়া বক্তব্যে বলেন, ‘‌অর্থনীতি নিয়ে ঝুঁকির ভারসাম্য পরিবর্তন হচ্ছে। এটি ফেডের নীতি সামঞ্জস্য করার প্রয়োজনীয়তা তৈরি করতে পারে। যদিও তিনি স্পষ্টভাবে সুদহার কমানোর প্রতিশ্রুতি দেননি। তবে বাজারে সেপ্টেম্বরে ২৫ বেসিস পয়েন্ট হারে সুদহার কমার প্রত্যাশা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ শতাংশে। এর আগে সুদহার কমানোর সম্ভাবনা ৭৫ শতাংশ ছিল বলে জানিয়েছিলেন বিশ্লেষকরা।

এ বিষয়ে বেসরকারি ধাতু ব্যবসায়ী তাই ওয়ং জানান, জ্যাকসন হোলে এটি পাওয়েলের অষ্টম ও শেষ ভাষণ। তার মন্তব্যে বাজারে সুদহার কমার সম্ভাবনা জোরদার হয়েছে।

এছাড়া ডলারের বিনিময় হার ১ শতাংশ কমে যাওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারী দেশের জন্য স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে চাহিদা বাড়ার প্রভাবে ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম।

এদিকে শুক্রবার রুপার দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩৯ ডলার ১ সেন্টে স্থির হয়েছে। এ সময় প্লাটিনামের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্সের মূল্য পৌঁছে ১ হাজার ৩৬২ ডলার ৯০ সেন্টে। প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ১২৫ ডলার ৫৩ সেন্টে উন্নীত হয়।

আরও