ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিকে ৮ হাজার ৩০০ কোটি ডলারে অধিগ্রহণ করতে যাচ্ছে নেটফ্লিক্স। আকাশছোঁয়া এ অর্থ পরিশোধে ইতিহাসের অন্যতম বৃহৎ ঋণের ওপর নির্ভর করছে স্ট্রিমিং পরিষেবা প্রতিষ্ঠানটি। নগদ তহবিল জোগাতে ৫ হাজার ৯০০ কোটি ডলারের একটি স্বল্পমেয়াদি বা ব্রিজ লোন নিচ্ছে নেটফ্লিক্স। আর এ অর্থায়নের নেতৃত্বে রয়েছে মার্কিন ব্যাংক ওয়েলস ফার্গো। খবর এফটি।
নেটফ্লিক্সকে অর্ধেক অর্থায়ন করতে সম্মত হয়েছে ব্যাংকটি। এলএসইজির তথ্যানুযায়ী, কোনো কোম্পানিকে অধিগ্রহণে সহায়তার জন্য এটি ইতিহাসের অন্যতম বড় ব্রিজ লোন। সেই সঙ্গে ওয়েলস ফার্গোর দেয়া সবচেয়ে বড় ঋণ এটি।
ঋণসংক্রান্ত নথিতে এ চুক্তির কোডনেম ‘প্রজেক্ট নোবেল’। এ অর্থায়নের মাধ্যমে ইনভেস্টমেন্ট ব্যাংক খাতের জায়ান্ট জেপি মরগান চেজ, ব্যাংক অব আমেরিকা ও গোল্ডম্যান স্যাকসের সঙ্গে ওয়েলস ফার্গোর প্রতিদ্বন্দ্বিতা প্রকট হয়ে উঠবে বলে অভিমত বিশ্লেষকদের।
ভুয়া অ্যাকাউন্ট কেলেঙ্কারির কারণে ওয়েলস ফার্গোর ওপর আরোপিত অ্যাসেট ক্যাপ বা সীমা তুলে নেয়া হয়েছে সম্প্রতি। ফলে ব্যাংকটি বড় ঋণ দিতে পারছে। নেটফ্লিক্সের মাধ্যমে ব্যবসা বাড়ানোর সুযোগ পুরোপুরি ব্যবহার করছে ওয়েলস ফার্গো।
ওয়েলস ফার্গোর সঙ্গে নেটফ্লিক্সে তহবিল জোগানোর মিছিলে যোগ দিয়েছে বহুজাতিক ব্যাংক বিএনপি পারিবাস ও এইচএসবিসি। ২ হাজার ৭০০ কোটি ডলার অর্থায়নে সম্মত হয়েছে বিএনপি পারিবাস। করপোরেট গ্রাহককে বিএনপি পারিবাসের দেয়া এটিই হবে সবচেয়ে বড় ব্রিজ লোন। আর এইচএসবিসি দেবে প্রায় ৯০০ কোটি ডলার।
ভবিষ্যতে দীর্ঘমেয়াদি ঋণের জন্য বন্ড বাজার বা অন্যান্য ঋণদাতার কাছে যাবে নেটফ্লিক্স। ওই সময় পর্যন্ত অর্থের ঘাটতি পূরণ করবে স্বল্পমেয়াদি ব্রিজ লোন। অবশ্য নেটফ্লিক্স যখন দীর্ঘমেয়াদি ঋণ নেবে; তখনো ওয়েলস ফার্গো, বিএনপি পারিবাস ও এইচএসবিসি সেই বড় অর্থায়ন পরিচালনা করবে।
মার্কিন সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থায় জমা দেয়া নথি অনুযায়ী, ২ হাজার ৫০০ কোটি ডলারের একটি আনসিকিউরড বন্ড ইস্যু, ২ হাজার কোটি ডলারের নতুন ঋণ সুবিধা ও ৫০০ কোটি ডলারের নতুন রিভলভিং ক্রেডিট সুবিধা নেয়ার পরিকল্পনা করছে নেটফ্লিক্স।
প্রতিষ্ঠানটির সিএফও স্পেন্সার নিউম্যান জানিয়েছেন, ওয়ার্নার ব্রসের সঙ্গে চুক্তি কোম্পানির ঋণের পরিমাণ বাড়াবে। বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে তিনি বলেন, ‘আমরা ক্রেডিট রেটিং বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তি সম্পন্ন হওয়ার সময় ঋণের চাপ বাড়বে। তবে দুই বছরের মধ্যে তা রেটিং এজেন্সির নির্ধারিত লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।’
বৈশ্বিক বিনোদন জগতে চলতি বছরের সবচেয়ে বড় ব্যবসায়িক উদ্যোগ নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রসের অধিগ্রহণ। এটি হলিউডে নতুন অধ্যায়ে সূচনা করবে বলে মত বিশ্লেষকদের, যা একচেটিয়া ব্যবসার পাশাপাশি থিয়েটারভিত্তিক সিনেমা সংস্কৃতিকে সংকুচিত করবে বলে অনেকের আশঙ্কা।