৯০০ কোটি পাউন্ডের নিউক্লিয়ার সাবমেরিন চুক্তি রোলস-রয়েসের

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নিউক্লিয়ার সাবমেরিন চুক্তি করেছে দেশটির প্রকৌশল সংস্থা রোলস-রয়েস।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নিউক্লিয়ার সাবমেরিন চুক্তি করেছে দেশটির প্রকৌশল সংস্থা রোলস-রয়েস। এ চুক্তির আওতায় তারা ব্রিটিশ নৌবাহিনীর জন্য ৯০০ কোটি পাউন্ডের পারমাণবিক সাবমেরিন রিঅ্যাক্টর তৈরি করবে। খবর গার্ডিয়ান।

সরকার বলেছে, এ চুক্তির ফলে এক হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে ৪ হাজার অন্যান্য পদকে সুরক্ষা করবে, যা যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে।

রোলস-রয়েস সাবমেরিনসের সঙ্গে করা ‘ইউনিটি’ নামক চুক্তির ফলে সংস্থাটি যুক্তরাজ্যের সাবমেরিন বহরের জন্য নিউক্লিয়ার রিঅ্যাক্টর ডিজাইন, তৈরি ও সহায়ক পরিষেবা প্রদান করবে।

প্রতিরক্ষামন্ত্রী জন হিলি ডার্বিতে রোলস-রয়েসের পারমাণবিক রিঅ্যাক্টর উৎপাদন কেন্দ্রে পরিদর্শনের সময় এ চুক্তির ঘোষণা দেবেন বলে জানানো হয়েছে।

জন হিলি বলেন, ‘যুক্তরাজ্যের প্রতিরক্ষায় এ বিনিয়োগ ব্রিটিশ ব্যবসা, চাকরি ও জাতীয় নিরাপত্তার দীর্ঘমেয়াদি উন্নতিতে সহায়ক হবে। জাতীয় নিরাপত্তা আমাদের সরকারের পরিবর্তন পরিকল্পনার মূল ভিত্তি এবং এটি যুক্তরাজ্যে পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার প্রতি আমাদের অঙ্গীকারের একটি প্রমাণ। ক্রমবর্ধমান বিপজ্জনক বিশ্বে এটাই আমাদের শেষ ভরসা।’

ব্রিটেনে ১৯৬৯ সাল থেকে নিউক্লিয়ার প্রতিরোধ ব্যবস্থা কার্যকর রয়েছে। অর্থাৎ রোলস-রয়েস পরিচালিত একটি সুসজ্জিত নিউক্লিয়ার সাবমেরিন সবসময় টহলে থাকে।

দেশটির সরকার জানিয়েছে, নতুন চুক্তি আগের চুক্তিগুলোকে সুসজ্জিত করে আরো ভালো ও দক্ষ কিছু উৎপাদনে উৎসাহিত করবে। এতে করে আট বছর মেয়াদের এ চুক্তিতে ৪০ কোটি পাউন্ড সাশ্রয় হবে।

তারা আরো জানায়," এটি আরো বেশি দক্ষ জনশক্তি তৈরি করবে এবং কার্যত ঝুঁকি ও সুযোগ ব্যবস্থাপনার জায়গা করে দেবে, যা খরচ না বাড়িয়ে আরো বেশি উৎপাদনের জন্য প্রণোদনা জোগাবে। চুক্তিটি ড্রেডনট শ্রেণীর সাবমেরিন তৈরির মতো কাজের ক্ষেত্রেও প্রযোজ্য।

সরকার আরো বলেছে, চুক্তিটি তাদের ‘ট্রিপল লক’ পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার প্রতি দায়বদ্ধ, যার মধ্যে রয়েছে কাম্ব্রিয়ার ব্যারো-ইন-ফার্নেসে চারটি নতুন পারমাণবিক সাবমেরিন তৈরি করা ও নিয়মিতভাবে সমুদ্রে টহল বজায় রাখা।

রোলস-রয়েস সাবমেরিনের প্রেসিডেন্ট স্টিভ কার্লিয়ার বলেন, ‘এ দীর্ঘমেয়াদি চুক্তির ফলে আমরা সঠিক দক্ষতা, সরঞ্জাম ও বিভিন্ন সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে দেশে ও বিদেশে যুক্তরাজ্যের স্বার্থ রক্ষায় যথাযথ ভূমিকা পালনে সক্ষম হব।’

২০২৩ সালের মার্চে ঘোষণা দেয়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ত্রিপক্ষীয় ‘আকুস’ নামক এক প্রতিরক্ষা চুক্তি অনুসারে, রোলস রয়েস নতুন পারমাণবিক সাবমেরিন বহরের জন্য চুল্লি সরবরাহ করবে। সাবমেরিন ব্রিটেন ও অস্ট্রেলিয়ায় নির্মাণ হলেও তিনটি দেশের প্রযুক্তি ব্যবহার করা হবে।

আকুস চুক্তিটি কোনো রকম বিরোধ ছাড়াই আসেনি। ২০২২ সালে অস্ট্রেলিয়ান সরকারকে ফ্রান্সের নেভাল গ্রুপের সঙ্গে করা অ্যাটাক ক্লাস সাবমেরিন তৈরির একটি চুক্তি বাতিলের জন্য ৫৫০ মিলিয়ন ইউরো (৪৬৫ মিলিয়ন পাউন্ড) পরিশোধ করতে হয়েছিল।

অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মধ্যে ৯০ বিলিয়ন ডলারের চুক্তি বাতিলের বিষয়টি গোপনে নিষ্পত্তি করা হয়। চুক্তিটি বাতিলের পরিবর্তে আকুসের অংশীদারত্ব গঠন করা হয়, যার অধীনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে কমপক্ষে আটটি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন অর্জনে ও প্রযুক্তিগত ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তাব দেয়।

কোম্পানিটি ২০২২ সালে ডার্বিতে একটি পারমাণবিক দক্ষতা একাডেমি চালু করে। সেখানে এক দশক ধরে প্রতি বছর ২০০ জন শিক্ষানবিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আরও