বিনিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে বিডার নতুন সাংগঠনিক কাঠামো

বিনিয়োগ প্রক্রিয়াকে আরো গতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বিনিয়োগ প্রক্রিয়াকে আরো গতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিনিয়োগের প্রতিটি ধাপের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন কাঠামো সাজানো হয়েছে, যাতে বিনিয়োগকারীরা আরো দ্রুত ও কার্যকর সেবা পান।

গতকাল এক বিজ্ঞপ্তিতে বিডা জানায়, নতুন কাঠামোর ফলে দায়িত্ব ও কর্তব্যে স্পষ্টতা আসবে, কাজের গতি বাড়বে এবং সেবার মান উন্নত হবে। পাশাপাশি সেবার মান মূল্যায়নের জন্য সূচকভিত্তিক মূল্যায়ন পদ্ধতি কি পারফরম্যান্স ইন্ডিকেটরস (কেপিআই) চালু করা হয়েছে।

বিডার এ পুনর্গঠন সরকার ঘোষিত ৩২ দফা বিনিয়োগ পরিবেশ সংস্কার কর্মপরিকল্পনার অংশ। বিডার নতুন কাঠামোগত সংস্কারের অধীনে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নির্বাহী সদস্য পদে বেসরকারি খাতের পেশাজীবীদের অন্তর্ভুক্তির সুযোগ, যা আগে শুধু প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য সংরক্ষিত ছিল। এছাড়া রিসার্চ অ্যান্ড পলিসি ও ইনভেস্টমেন্ট প্রমোশন শাখাকে পৃথক ইউনিট হিসেবে গঠন, প্রবাসী বিনিয়োগকারীদের সহায়তায় বিশেষ ডেস্ক চালু ও বিনিয়োগ সহায়তায় খাতভিত্তিক বিশেষজ্ঞ ও রিলেশনশিপ ম্যানেজার নিয়োগের উদ্যোগও নেয়া হয়েছে।

নতুন সাংগঠনিক কাঠামো সাজানো হয়েছে ইনভেস্টমেন্ট লাইফ সার্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে। নতুন কাঠামো অনুযায়ী বিডার কার্যক্রম পরিচালিত হবে পাঁচটি মূল অনুবিভাগ বা উইংয়ের মাধ্যমে—ইনভেস্টমেন্ট প্রমোশন (বিনিয়োগ আকর্ষণ ও প্রবেশ পর্যায়), রিসার্চ অ্যান্ড পলিসি (নীতি সহায়তা ও অ্যাডভোকেসি), অপারেশনস (বিনিয়োগ শুরু, সম্প্রসারণ ও ধারাবাহিকতা রক্ষা), ডিজিটাল ডেভেলপমেন্ট (বিনিয়োগ সেবার আধুনিকায়ন ও ডিজিটাল সংস্কার) এবং অ্যাডমিনিস্ট্রেশন (প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সহায়তা)।

পুনর্বিন্যাসকৃত সাংগঠনিক কাঠামো বিষয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘বিডা অন্যান্য সাধারণ সরকারি দপ্তরের মতো নয়। এটি একটি বিশেষায়িত সংস্থা, যার মূল দায়িত্ব বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী দ্রুত সাড়া দেয়া। বিশ্বব্যাপী বিনিয়োগ পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই বিডাকেও সে পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।’

আরও