পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ও রাশিয়াসহ অন্য সহযোগী দেশগুলো নিয়ে গঠিত ওপেক প্লাস। সংগঠনটির অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার বৈঠকে বসার কথা রয়েছে। এ বৈঠকে তাদের সর্বশেষ জ্বালানি তেল উত্তোলন কমানোর পরিকল্পনার সময়সীমা আগামী বছরের প্রথম প্রান্তিক পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে। ওপেক প্লাসসংশ্লিষ্ট চার সূত্র নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।
সূত্র জানায়, ‘জ্বালানি তেল উত্তোলন হ্রাসের পরিকল্পনা আগামী বছরের প্রথম প্রান্তিক পর্যন্ত বাড়ানো হতে পারে।’
বিশ্বের প্রায় অর্ধেক জ্বালানি তেল ওপেক প্লাস উত্তোলন করে। সংস্থাটি ২০২৫ সালের মধ্যে উত্তোলন আবার ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা করেছিল। তবে বৈশ্বিক চাহিদায় মন্দা ও ওপেক প্লাসবহির্ভূত দেশগুলোয় উত্তোলন বৃদ্ধির কারণে এ পরিকল্পনা বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখা দিয়েছে। প্রভাব পড়েছে জ্বালানি তেলের দামে।
ওপেক প্লাস সদস্যভুক্ত দেশগুলো বর্তমানে দৈনিক ৫৮ লাখ ৬০ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন স্থগিত রেখেছে। ২০২২ সাল থেকে পণ্যটির বাজার সমর্থনে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
সর্বশেষ দৈনিক ২২ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন কমানোর পরিকল্পনা করে সংস্থাটি। তবে আটটি সদস্য দেশ জানুয়ারিতে দৈনিক ১ লাখ ৮০ হাজার ব্যারেল উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা করেছিল। দাম কমে যাওয়ায় অক্টোবর থেকে এ সিদ্ধান্ত আবার পেছানো হচ্ছে।