এনজিও খাতের কর্মীদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান ড. তিতুমীরের

দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের এনজিও খাতে কর্মরত ব্যক্তিদের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় বিশেষ করে ‘প্রগতি’ স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, ‘দেশের বেসরকারি ও এনজিও খাতে কর্মরত ব্যক্তিদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বজনীন পেনশন স্কিমে আরো বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।’ গতকাল রাজধানীতে এনজিওবিষয়ক ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক আলোচনা সভায় জুম প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

সভায় এনজিওবিষয়ক ব্যুরোর সঙ্গে নিবন্ধিত দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ২৫০টি এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। এতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ এবং দেশীয় ও আন্তর্জাতিক এনজিওগুলোর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।সভায় জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান সর্বজনীন পেনশন স্কিমের কাঠামো, উদ্দেশ্য, সুযোগ-সুবিধা এবং এনজিও খাতে কর্মরত ব্যক্তিদের জন্য ‘প্রগতি’ স্কিমের গুরুত্ব তুলে ধরে একটি বিস্তারিত উপস্থাপনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাধারণ মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গণশিক্ষা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। পরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নারী শিক্ষা সম্প্রসারণ ও নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেয়া হয়। এ ধারাবাহিকতায় বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে উন্নয়নের সুফল সমাজের সব শ্রেণী-পেশার মানুষের কাছে পৌঁছাবে এবং কেউ পিছিয়ে থাকবে না।’

সভায় এনজিওগুলোর প্রতিনিধিরা সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং উন্মুক্ত আলোচনায় অংশ নেন।সভাপতির বক্তব্যে এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়া এনজিও খাতে কর্মরত ব্যক্তিদের সামাজিক ও আর্থিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) শেখ কামরুল হাসান, এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক ড. কেএম মামুন উজ্জামান ও ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান বক্তব্য দেন। সভায় অংশ নেয়া বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মীদের এ স্কিমের আওতায় আনার বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন।

আরও