মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ৫০ বছর উদযাপন

শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ৫০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে গত রোববার ঢাকার গুলশানে এমজিআইয়ের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ৫০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে গত রোববার ঢাকার গুলশানে এমজিআইয়ের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন এমজিআইয়ের ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার, পরিচালক তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা, তানভীর মোস্তফা ও তাসনিম মোস্তফাসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির ৫০ বছরের পথচলায় বিভিন্ন ঘাত-প্রতিঘাতের গল্পও তুলে ধরেন মোস্তফা কামাল। তিনি জানান, ১৯৭৬ সালে কামাল ট্রেডিং কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসায়ী হিসেবে তার পথচলা শুরু হয়। এরপর বিভিন্ন সময়ে বিদেশ থেকে পণ্য আমদানি শুরু করেন। একপর্যায়ে দেশেই আমদানি বিকল্প পণ্য উৎপাদনের পরিকল্পনা করেন।

মোস্তফা কামাল বলেন, ‘‌বিদেশ থেকে কাঁচামাল এনে দেশে পণ্য উৎপাদন করলে একই সঙ্গে বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ হবে। সেই ভাবনা থেকেই ১৯৮৯ সালে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে মেঘনা ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ নামে প্রথম কারখানা স্থাপন করা হয়।’

মেঘনা নদীর তীরে ক্ষুদ্র পরিসরে শুরু হওয়া এমজিআই আজ দেশের কোটি মানুষের আস্থার নাম—উল্লেখ করে তিনি বলেন, ‘এমজিআইয়ের প্রতিটি পদক্ষেপে আমাদের লক্ষ্য থাকে দেশের অর্থনীতিতে অবদান রাখা ও কর্মসংস্থান সৃষ্টি করা। আস্থা ও গুণগত মানের প্রতীক হিসেবে মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত করার প্রচেষ্টায় পাশে থাকতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে নতুন বিনিয়োগ পরিকল্পনার কথাও জানান এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল। তিনি জানান, শিগগিরই ইস্পাত ও গ্লাস কারখানা প্রতিষ্ঠার কাজ শুরু করবেন তারা। এছাড়া পেপার ও পেট্রোকেমিক্যাল খাতেও বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

মোস্তফা কামাল বলেন, ‘‌শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবেই নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। সততা, পরিশ্রম ও অধ্যবসায়কে পুঁজি করে আরো এগিয়ে যেতে হবে। সবার আগে দেশের স্বার্থকে মাথায় রাখতে হবে।’

এমজিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে শিল্পগোষ্ঠীটির সমুদ্রগামী জাহাজ বহরে ২৩টি বাল্ক ক্যারিয়ার ও ২টি অয়েল ট্যাংকার রয়েছে। এরই মধ্যে তিনটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম চালু করেছে এমজিআই। এছাড়া চতুর্থ আরেকটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ চলছে।

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমজিআইয়ের বিভিন্ন কারখানা ও অফিসগুলোয় সম্প্রচার করা হয়। কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠানের সব কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ কর্মস্থলে এদিন ৫০ বছরে পদার্পণের বিশেষ টি-শার্ট পরিধান করেন। দেশব্যাপী এমজিআইয়ের বিভিন্ন কার্যালয়, কারখানা ও ডিপোয় বিশেষ সাজসজ্জা, তোরণ ও ফটোবুথ স্থাপন করা হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও দেশব্যাপী বিলবোর্ডগুলোয় ৫০ বছরে পদার্পণের বিশেষ কমিউনিকেশন প্রচার করা হয়। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোয়ও বিশেষ ক্যাম্পেইন চালানো হয়।

আরও