কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। আইইউবির কাজী নজরুল ইসলাম অ্যান্ড আব্বাসউদ্দীন আহমেদ রিসার্চ অ্যান্ড স্টাডি সেন্টার (কেএনআইএএআরএসসি) এবং আইইউবি লাইব্রেরির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্রন্থটিতে কাজী নজরুল ইসলামের ‘শ্রীমন্ত’, ‘বিদ্যাপতি’ ও ‘বিষ্ণুপ্রিয়া’ নাটকের ইংরেজি অনুবাদ স্থান পেয়েছে। নাটক তিনটি অনুবাদ করেছেন আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাংগুয়েজেস (ডিইএমএল) বিভাগের শিক্ষার্থী রাবিয়াহ বিনতে হোসাইন, জারিফা তানয়ীর চৌধুরী ও ফারহীন তাসনিম। এছাড়া কবির ‘লায়লা-মজনু’ নাটকের ১১টি গানও ইংরেজিতে অনূদিত হয়েছে। গানগুলোর অনুবাদ করেছেন মায়িশা মিজান নীহা। বইটি সম্পাদনা করেছেন ডিইএমএল বিভাগের অধ্যাপক ও কেএনআইএএআরএসসির পরিচালক অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান। বইটির প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।
অনুষ্ঠানে নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বাংলা ও ইংরেজি রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে সনদ, পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন এবং উপাচার্য অধ্যাপক ম. তামিম। শুরুতে নজরুলসংগীত পরিবেশন ও কবির প্রতি অঞ্জলি নিবেদন করেন আইইউবির আইন বিভাগের শিক্ষার্থী তাহসিন মিতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান।