জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত নয় মাসে (সেপ্টেম্বর-মে) মোট ১৬ হাজার ৫৭২টি কর ফাঁকির ঘটনা উদ্ঘাটনে অভিযান পরিচালনা করেছে। এর সঙ্গে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৬ হাজার ২৪৬ কোটি টাকা। তার মধ্যে আহরণ হয়েছে ৯৯৪ কোটি টাকা। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত নয় মাসে বিভিন্ন কাস্টম হাউজ মোট ২ হাজার ২১৫টি রাজস্ব ফাঁকির ঘটনা উদ্ঘাটনে অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১৮৩ কোটি টাকা আয় হয়েছে। বিভিন্ন ভ্যাট কমিশনারেট মোট ৬ হাজার ৮০৩টি রাজস্ব ফাঁকির ঘটনা উদ্ঘাটনে অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৫১৩ কোটি রাজস্বের মধ্যে আহরণ হয়েছে ৮৯ কোটি টাকা। ভ্যাট গোয়েন্দা ২৩১টি রাজস্ব ফাঁকির ঘটনা উদ্ঘাটনে অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্ব ১ হাজার ৬৩৯ কোটি থেকে আয় হয়েছে ২৪০ কোটি টাকা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ সময়ে রাজস্ব ফাঁকির ঘটনা উদ্ঘাটনে অভিযান পরিচালনা করে মোট ৭৩ কোটি টাকা আয় করেছে।
সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ১৮১টি কর ফাঁকির ঘটনা উদ্ঘাটনে অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৩৬৬ কোটি টাকা। সিআইসি আহরণ করেছে ১৯৪ কোটি টাকা। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট মোট ১৭০টি কর ফাঁকির ঘটনা উদ্ঘাটনে অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১ হাজার ৮৭৪ কোটি টাকা। আহরণ হয়েছে ১১০ কোটি টাকা। এছাড়া ৪১টি কর অঞ্চল ৬ হাজার ৯৭২টি কর ফাঁকির ঘটনা উদ্ঘাটনে অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্ব ১ হাজার ৫৮৮ কোটি টাকা থেকে আহরণ হয়েছে ১০৫ কোটি টাকা।