ফেডের লোকসান নেমে ১৯৬০ কোটি ডলারে

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) লোকসানের পরিমাণ গত বছর উল্লেখযোগ্যভাবে কমেছে।

২০২৫ সালে সংস্থাটির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৬ বিলিয়ন বা ১ হাজার ৯৬০ কোটি ডলারে। ২০২৪ সালে লোকসানের পরিমাণ ছিল ৭ হাজার ৭৫০ কোটি ডলার এবং ২০২৩ সালে ছিল ১১ হাজার ৪৬০ কোটি ডলার। ফেডের সম্প্রতি প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

কভিড-১৯ মহামারীর সময় অর্থনীতি চাঙ্গা রাখতে ফেড প্রচুর পরিমাণে ট্রেজারি ও মর্টগেজ বন্ড কিনেছিল। ব্যাংকটি এখন সে বন্ডের পরিমাণ কমিয়ে আনছে, ফলে দায়বদ্ধতা কমে আর্থিক ভারসাম্য ফিরে আসছে। পাশাপাশি সুদ বাবদ ব্যয় কমে আসায় সংস্থাটিতে ইতিবাচক পরিবর্তন এসেছে।

ফেড শেষবার মুনাফা করেছিল ২০২২ সালে। সে বছর সরকারের তহবিলে ৭ হাজার ৬০০ কোটি ডলার জমা দিয়েছিল ব্যাংকটি। ২০২১ সালে এ জমার পরিমাণ ছিল ১০ হাজার ৯০০ কোটি ডলার। তবে করোনা মহামারীর সময় গৃহীত মুদ্রানীতির কারণে পরবর্তী সময়ে লোকসানের মুখে পড়ে ফেড। ওই সময় বাজার স্থিতিশীল রাখা এবং অর্থনৈতিক প্রণোদনা দিতে ফেড বড় অংকের ট্রেজারি ও মর্টগেজ বন্ড কেনে। ২০২২ সালে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়াতে শুরু করলে ফেডের আয়ের চেয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দেয়া সুদের পরিমাণ বেড়ে যায়, যা লোকসানের মূল কারণ হয়ে দাঁড়ায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সাল থেকে সুদহার কমানোর প্রক্রিয়া শুরু হওয়ায় ফেডের ওপর আর্থিক চাপ কমতে শুরু করে। কেন্দ্রীয় ব্যাংকটির সুদহার সাম্প্রতিক সর্বোচ্চ ৫ দশমিক ২৫ শতাংশ থেকে ৫ দশমিক ৫ শতাংশ স্তর থেকে কমে বর্তমানে ৩ দশমিক ৫ শতাংশ থেকে ৩ দশমিক ৭৫ শতাংশ স্তরে নেমে এসেছে।

ফলে ২০২৫ সালে ফেডের সুদ বাবদ ব্যয় কমে ১ হাজার ২১০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ৬ হাজার ৮০০ কোটি ডলার।

ফেড সাধারণত বন্ড ও আর্থিক খাতকে দেয়া বিভিন্ন সেবা থেকে আয় করে। ইতিহাস অনুযায়ী, সব ব্যয় মেটানোর পর উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়। বর্তমানে ফেডের ‘ডেফার্ড অ্যাসেট’ বা বিলম্বিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ৫০০ কোটি ডলারে।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক মাসগুলোর গতিপ্রকৃতি ইঙ্গিত দিচ্ছে যে ফেড ফের মুনাফার ধারায় ফিরছে, যদিও তা খুবই সামান্য। তবে ফেড জানিয়েছে, সংস্থাটির লাভ বা লোকসান মুদ্রানীতি পরিচালনার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।

আরও