টানা তিন মাস ইস্পাত উৎপাদন হ্রাস পেয়েছে জাপানে

জাপানে চলতি বছরের জুনে টানা তৃতীয় মাসের মতো ইস্পাত উৎপাদন কমেছে।

জাপানে চলতি বছরের জুনে টানা তৃতীয় মাসের মতো ইস্পাত উৎপাদন কমেছে। জাপান আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশন জানিয়েছে, এ সময় দেশটিতে ধাতবপণ্যটি উৎপাদনের মোট পরিমাণ ছিল ৬৭ লাখ ২০ হাজার টন, যা মে মাসের তুলনায় ১ দশমিক ৭ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ কম। খবর হেলেনিক শিপিং নিউজ।

বিশ্বের তৃতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ জাপান। বিশ্লেষকরা জানিয়েছেন, দেশটির কম চাহিদা, বিশেষ করে অটোমোবাইল খাতের দুর্বলতা, নির্মাণ খাতে শ্রম ঘাটতি এবং কাঁচামালের উচ্চমূল্য এ উৎপাদন হ্রাসের প্রধান কারণ। পাশাপাশি চীনের উচ্চমাত্রার রফতানির প্রভাবে বিশ্ববাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় জাপানি ইস্পাতের রফতানি চাহিদাও কমেছে।

যদিও চীনের জুনের ইস্পাত রফতানি মে মাসের তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ কমে চার মাসের মধ্যে সর্বনিম্ন ৯৬ লাখ ৮০ হাজার টনে দাঁড়িয়েছে। তবে বছরের প্রথমার্ধে দেশটির মোট রফতানি বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৮১ লাখ ৫০ হাজার টনে, যা রেকর্ড সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির আগেই চীনা ইস্পাত প্রস্তুতকারকরা রফতানি বাড়িয়ে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জাপানের ফেডারেশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন এ ছয় মাসে দেশটির ইস্পাত উৎপাদন ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৫ লাখ ৫০ হাজার টনে। ২০০৯ সালের বৈশ্বিক আর্থিক মন্দার পর এই প্রথমবারের মতো উৎপাদন এ মাত্রায় হ্রাস পেয়েছে। তবে ২০০৯ সালের পর দ্রুত ঘুরে দাঁড়ালেও এবার এমন কোনো পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন ফেডারেশনের একজন বিশ্লেষক।

আরও