আবহাওয়ার প্রভাবে ইউক্রেনের শস্য উৎপাদন ও রফতানি কমতে পারে

আবহাওয়াজনিত প্রতিকূলতার কারণে ইউক্রেনের ২০২৫-২৬ বিপণন বর্ষে (জুলাই-জুন) শস্য উৎপাদন কমতে পারে। দেশটির কৃষি খাতসংশ্লিষ্টরা বলছেন, খরা ও অন্যান্য প্রাকৃতিক কারণ উৎপাদনে বড় প্রভাব ফেলছে।

আবহাওয়াজনিত প্রতিকূলতার কারণে ইউক্রেনের ২০২৫-২৬ বিপণন বর্ষে (জুলাই-জুন) শস্য উৎপাদন কমতে পারে। দেশটির কৃষি খাতসংশ্লিষ্টরা বলছেন, খরা ও অন্যান্য প্রাকৃতিক কারণ উৎপাদনে বড় প্রভাব ফেলছে। খবর হেলেনিক শিপিং নিউজ।

ইউক্রেনিয়ান এগ্রো কাউন্সিলের (ইউএসি) উপপ্রধান দেনিস মারচুক বলেছেন, ‘চলতি বিপণন বর্ষে শস্য উৎপাদন ৫ কোটি ১০ লাখ থেকে ৫ কোটি ২০ লাখ টনে নেমে আসতে পারে, যা ২০২৪-২৫ বিপণন বর্ষের প্রায় ৫ কোটি ৫০ লাখ টনের তুলনায় কম। এর মধ্যে গম উৎপাদন কমে ২ কোটি ১০ লাখ টনে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে, যা আগের বিপণন বর্ষের ২ কোটি ২০ লাখ টনের চেয়ে কম।’

মারচুক জানান, দক্ষিণ ও পূর্বাঞ্চলে খরা উৎপাদন হ্রাসের প্রধান কারণ। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলে পঙ্গপালের আক্রমণে সূর্যমুখীসহ কিছু ফসল ক্ষতিগ্রস্ত হলেও সামগ্রিক শস্য উৎপাদনে বড় প্রভাব ফেলবে না।

ইউএসি জানিয়েছে, পশ্চিম, উত্তর ও মধ্যাঞ্চলে অতিবৃষ্টির কারণে ফসল সংগ্রহে বিলম্ব হচ্ছে এবং তেলবীজ ফসল রেপসিড উৎপাদনও কমতে পারে। এ কারণে রফতানির গতি শ্লথ হয়েছে।

মারচুক বলেন, ‘উৎপাদন কমে গেলে ২০২৫-২৬ বিপণন বর্ষে ইউক্রেনের শস্য রফতানি ৩ কোটি ৮০ থেকে ৩ কোটি ৯০ লাখ টনে নেমে আসতে পারে, যা ২০২৪-২৫ বিপণন বর্ষে ছিল ৪ কোটি ৬ লাখ টন।’

ইউক্রেনের অর্থনীতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৪ জুলাই পর্যন্ত দেশটিতে ১ কোটি ৩ লাখ টন শস্য সংগ্রহ করা হয়েছে, এর মধ্যে গমের পরিমাণ ৭০ লাখ টন।

আরও