সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবির সম্পত্তি বাজারে চলতি বছর শক্তিশালী গতি দেখা যাচ্ছে। গত জানুয়ারি থেকে অঞ্চলটিতে ১৬ হাজার ৮৭৩টি রিয়েল এস্টেট চুক্তি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এ বাবদ লেনদেনের আকার দাঁড়িয়েছে ৬ হাজার ১১৫ কোটি দিরহাম বা ১ হাজার ৬৬৫ কোটি ডলারে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
সরকারি কর্তৃপক্ষ ডিজিটাল রিয়েল এস্টেট ইকোসিস্টেমের (দারি) দেয়া পরিসংখ্যান অনুযায়ী, এ সময় সম্পত্তি বিক্রি বাবদ লেনদেন হয়েছে ৯৫১ কোটি ডলার। জানুয়ারি-আগস্টে চুক্তি হয়েছিল ৯ হাজার ২১০টি। অন্যদিকে ৭ হাজার ৩৯৯টি চুক্তির মাধ্যমে বন্ধকি খাতে লেনদেন হয়েছে ৬৩১ কোটি ডলার।
এ সময় ২৪৫টি সম্পত্তির ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদে ভোগদখলের (ইউসুফ্রুক্ট) চুক্তি হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৭০ লাখ ডলার।
দারির দেয়া তথ্যমতে, বিক্রয় ও বন্ধকি লেনদেনের আকার একত্রে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩০ কোটি ডলার। এতে ২১ হাজার ১২৩টি চুক্তির আওতায় বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট ইউনিটের লেনদেন হিসাব করা হয়েছে।
বিক্রয় কার্যক্রম বিভক্ত হয়েছে প্রস্তুত বা রেডি ও বাস্তবায়নাধীন অথবা অফ-প্ল্যান ইউনিটে। এ দুই খাতে মোট ১১ হাজার ২৮৭টি লেনদেন হয়েছে, যার আকার দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ কোটি ডলারে। এর মধ্যে ৪ হাজার ৯৫০টি প্রস্তুত সম্পত্তির মূল্য ৫০০ কোটি ডলার। অন্যদিকে ৬ হাজার ৩৩৭টি অফ-প্ল্যান সম্পত্তির বিক্রিমূল্য ধরা হয়েছে ৬১৪ কোটি ডলার।
চলতি বছর আবুধাবিতে শক্তিশালী অবস্থায় রয়েছে বন্ধকি লেনদেন। যেখানে ৯ হাজার ৮৩৬টি চুক্তির মাধ্যমে লেনদেন হয়েছে ৭১৪ কোটি ডলার। এতে আবুধাবির আবাসিক ও বাণিজ্যিক উভয় বাজার অন্তর্ভুক্ত রয়েছে।
এসব তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়েছে, প্রস্তুত ও অফ-প্ল্যান উভয় সেগমেন্টে আবুধাবির প্রতি বিনিয়োগকারীদের চাহিদা বাড়ছে। এ কারণে অঞ্চলটি এখনো ইউএইর অন্যতম আকর্ষণীয় রিয়েল এস্টেট গন্তব্য হিসেবে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখেছে।