ব্যবসায়ীদের পাঁচ সেবা দিতে ছয় প্রতিষ্ঠানের সঙ্গে বিডার চুক্তি

বাংলাদেশে ব্যবসা শুরু করার প্রক্রিয়াকে আরো সহজ, দ্রুত ও ডিজিটাল করতে প্রাথমিক পাঁচটি সেবা দিতে ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বাংলাদেশে ব্যবসা শুরু করার প্রক্রিয়াকে আরো সহজ, দ্রুত ও ডিজিটাল করতে প্রাথমিক পাঁচটি সেবা দিতে ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আগামী সেপ্টেম্বরের শেষের দিকে বিনিয়োগকারীরা এসব সেবা পাবেন। এ উপলক্ষে গতকাল বিডা কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিডার পক্ষে নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব ও ছয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।

বিডা জানিয়েছে, এমওইউ বাস্তবায়নের মাধ্যমে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা ব্যবসার শুরুতে একটি মাত্র আবেদন ও এককালীন ফি পরিশোধের মাধ্যমে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টাল থেকে প্রয়োজনীয় পাঁচটি সেবা পাবেন। সেবাগুলো হলো নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট এবং ব্যাংক হিসাব খোলা।

এসব সেবা চালু করতে বিডা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন ও সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে এমওইউ স্বাক্ষর করেছে।

এর আগে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, ‘‌বিশ্বের অনেক দেশেই সাতদিনের মধ্যে ব্যবসা শুরু করা যায়। বাংলাদেশেও অল্প সময়ের মধ্যে এমন বাস্তবতা তৈরি হবে।’

এক প্রশ্নের জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘‌আমাদের লক্ষ্য আগামী সেপ্টেম্বরের মধ্যে এসব সেবা চালু করা। এরপর ধাপে ধাপে অন্যান্য সেবাও যুক্ত করা হবে।’

আরও