বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বিভাগীয় সম্মেলন ও কর্মশালা। সোমবার (২৩ জুন) বগুড়া শহরের নাজ গার্ডেন হোটেলে সরকার পরিচালিত পিপিপি কর্তৃপক্ষের উদ্যোগে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ। এছাড়া বক্তব্য দেন পুলিশ সুপার জেদান আল মুসা ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার পারভেজ রায়হান।
সম্মেলনে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, বিনিয়োগকারী ও উদ্যোক্তারা অংশ নেন। আলোচনায় পিপিপি মডেলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা, স্থানীয় সম্পদ ব্যবহারের দিক ও ভবিষ্যৎ বিনিয়োগ কাঠামো নিয়ে গুরুত্ব দেয়া হয়।
বক্তারা বগুড়ায় অবস্থিত পরিত্যক্ত চিনি কলগুলোর বিস্তীর্ণ ভূমিকে বিনিয়োগের উপযোগী ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন। এসব জমিকে ব্যবহার করে কৃষি প্রক্রিয়াজাতকরণ, শিল্প-কারখানা বা অবকাঠামো নির্মাণে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান জানানো হয়।
সম্মেলনে আগের সফলভাবে পিপিপি ভিত্তিতে রূপান্তরিত বস্ত্রকলের উদাহরণও তুলে ধরা হয়, যা উপস্থিত বিনিয়োগকারীদের উৎসাহিত করে। বক্তারা জানান, এ ধরনের সফল প্রকল্প ভবিষ্যতে নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে।
বৃহৎ ও ক্ষুদ্র উভয় ধরনের প্রকল্পে পিপিপি কাঠামো কীভাবে কার্যকর হতে পারে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এতে দেশের সব অঞ্চলে স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহারে পিপিপি কার্যক্রমের গুরুত্ব আরো স্পষ্ট হয়ে ওঠে।
—বিজ্ঞপ্তি