যমুনা ব্যাংক পিএলসির অলাভজনক ও দাতব্য প্রতিষ্ঠান যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ এবং অর্থায়নে সম্প্রতি মুন্সিগঞ্জে ১২ দিনব্যাপী বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে সহযোগিতা করেছে নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ড।
যমুনা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত প্লাস্টিক সার্জারি ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসা নিতে আসেন মোট ৩২৬ জন ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগী। তাদের মধ্যে ১৩৫ জনকে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা ও অস্ত্রোপচার সেবা দেয়া হয়।
ক্যাম্পের সমাপনী উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং যমুনা ব্যাংকের পর্ষদ পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সিইও এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. শাহিদুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ডের টিম লিডার ও প্লাস্টিক সার্জন ডা. মেনো হুইকেশোভেনসহ তার দলের অন্য চিকিৎসকরা।