রেকর্ডসংখ্যক স্বর্ণের বার কিনেছে রাশিয়ানরা

২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যেই রাশিয়ানরা সর্বকালের সর্বোচ্চসংখ্যক স্বর্ণের বার কিনেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যেই রাশিয়ানরা সর্বকালের সর্বোচ্চসংখ্যক স্বর্ণের বার কিনেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। ৩ ফেব্রুয়ারি প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এক বছরে সব মিলিয়ে ৫০ টন স্বর্ণের বার কিনেছে রাশিয়ানরা। আগের বছরের তুলনায় এ পরিমাণ ১০ গুণ বেশি।

গত মার্চে নাগরিকদের মার্কিন ডলার ব্যবহারে নিরুৎসাহিত করতে স্বর্ণের ওপর ২০ শতাংশ কর কমিয়ে দেয় রাশিয়া। পাশাপাশি স্বর্ণ ব্যবসায়ীদের আয়করেও ছাড় দিয়েছে তারা। রয়টার্সের পর্যবেক্ষণ বলছে, মূল্যবান ধাতু কেনাবেচার ওপর কর কমানোর ফলেই মানুষ প্রচুর স্বর্ণ কিনেছে। এর প্রভাব পড়েছে দেশটির অর্থনীতির ওপর।

রুশ অর্থ মন্ত্রণালয় বলছে, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এক কেজি ওজনের বারগুলো। স্বর্ণের এ পরিমাণ মোট বিক্রির ৬০ শতাংশ। অবশ্য এ হিসাব বছরের নভেম্বর পর্যন্ত। বাকি এক মাসের হিসাব যোগ করলে এ পরিমাণ আরো বাড়বে।

দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত ভিটিবি ব্যাংক বলছে, বছরের শুরু থেকে নভেম্বর পর্যন্ত শুধু তারাই বিক্রি করেছে ৩৩ দশমিক ৮ টন স্বর্ণ। আর তাদের গ্রাহকদের কাছে আগে থেকেই ৫ হাজার কোটি রুবল মূল্যের স্বর্ণ রয়েছে।

ব্যাংকের কর্মকর্তারা বলছেন, গত বছর ডলারের বিপরীতে স্বর্ণ একটি ভালো প্রতিরক্ষামূলক আর্থিক সমাধান হয়ে দাঁড়িয়েছে। গ্রাহকরা ডলারের চেয়ে স্বর্ণ কেনার নতুন পদ্ধতিটিকে লুফে নিয়েছে।

আরও