প্যারামাউন্ট টেক্সটাইল

সাবসিডিয়ারির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির সিদ্ধান্ত

প্যারামাউন্ট সোলার লিমিটেডের সঙ্গে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।

কোম্পানিটির কারখানা প্রাঙ্গণে ৯ দশমিক ৮১ মেগাওয়াট ক্ষমতার রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলারচালা এলাকায় অবস্থিত কোম্পানির কারখানা প্রাঙ্গণে অপেক্স মডেলে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। চুক্তির শর্ত অনুযায়ী, প্রকল্পটির নকশা, নির্মাণ, পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে প্যারামাউন্ট সোলার লিমিটেড। প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রতি ইউনিট (কিলোওয়াট-ঘণ্টা) ৮ টাকা ২০ পয়সা হারে কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল, যা ভ্যাট ও এআইটি ব্যতীত। সৌরবিদ্যুৎ প্রকল্পটি চালু হওয়ার পর থেকে পরবর্তী ২০ বছর পর্যন্ত প্যারামাউন্ট সোলার লিমিটেড কোম্পানিটিকে বিদ্যুৎ সরবরাহ করবে।

প্যারামাউন্ট টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জানিয়েছেন, টেকসই ব্যবসা নিশ্চিত করা এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কারখানা প্রাঙ্গণে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, প্যারামাউন্ট সোলার লিমিটেডের পরিশোধিত মূলধনের ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ারই প্যারামাউন্ট টেক্সটাইলের মালিকানায় রয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ উল্লিখিত শর্তে প্যারামাউন্ট সোলারের সঙ্গে পিপিএ স্বাক্ষরের সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন করেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৪৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৬ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে প্যারামাউন্ট টেক্সটাইলের ইপিএস হয়েছে ৬ টাকা ৪৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ২ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ৮৯ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে প্যারামাউন্ট টেক্সটাইলের ইপিএস হয়েছে ৬ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৫১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকা ৭২ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে প্যারামাউন্ট টেক্সটাইলের ইপিএস হয়েছে ৭ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৬৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৬ টাকা ১০ পয়সায়।

প্যারামাউন্ট টেক্সটাইলের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৭৯ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৫২ কোটি ৯৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৭ কোটি ৯১ লাখ ১৬ হাজার ৮৮৬। এর ৬০ দশমিক ৯৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক শূন্য ৬, বিদেশী বিনিয়োগকারী ৪ দশমিক ৩৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২০ দশমিক ৬৫ শতাংশ শেয়ার রয়েছে।

আরও