বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খরচে বিদেশ যেতে পারবেন না কর্মকর্তারা

এখন থেকে সরকারি বা বেসরকারি ব্যাংক এবং অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে দেশী-বিদেশী কোনো প্রশিক্ষণ, সেমিনার বা কর্মশালায় অংশ নিতে পারবেন না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

কেন্দ্রীয় ব্যাংক থেকে গতকাল এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। দেশের আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং স্বার্থের সংঘাত এড়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়, কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা বাংলাদেশ ব্যাংকে পণ্য সরবরাহকারী কোনো প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী দেশে কিংবা বিদেশে আয়োজিত কোনো প্রশিক্ষণ, চুক্তিবহির্ভূত সেমিনার বা কর্মশালায় অংশ নিতে পারবেন না। তবে তারা সরকারি-বেসরকারি ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানের আয়োজনে দেশে কোনো সেমিনার বা আলোচনা সভায় প্রশিক্ষক বা বক্তা হিসেবে অংশ নিতে পারবেন। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে পূর্বানুমতি নিতে হবে এবং আয়োজক সংস্থার কাছ থেকে কোনো ধরনের সম্মানী গ্রহণ করা যাবে না।

ব্যাংক কর্মকর্তারা জানান, আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এ নির্দেশনার প্রধান লক্ষ্য। অনেক ক্ষেত্রে দেখা যায়, বাণিজ্যিক ব্যাংকগুলোর অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বিদেশ ভ্রমণে যান বা প্রশিক্ষণে অংশ নেন। এতে তদারকি সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি থাকে এবং স্বার্থের সংঘাত তৈরি হয়। এ ঝুঁকি দূর করতেই এমন কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আরও