চলতি বছর ঘানায় স্বর্ণ উত্তোলন বাড়তে পারে ৬.২৫%

ঘানায় চলতি বছর খনি থেকে স্বর্ণ উত্তোলন বাড়তে পারে প্রায় ৬ দশমিক ২৫ শতাংশ। এ সময় মোট উত্তোলন পৌঁছতে পারে ৫১ লাখ আউন্সে।

ঘানায় চলতি বছর খনি থেকে স্বর্ণ উত্তোলন বাড়তে পারে প্রায় ৬ দশমিক ২৫ শতাংশ। এ সময় মোট উত্তোলন পৌঁছতে পারে ৫১ লাখ আউন্সে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে ঘানার একটি শিল্প সংগঠন চেম্বার অব মাইনস। গত বছর রেকর্ড ৪৮ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করেছিল দেশটি। খবর রয়টার্স।

আফ্রিকায় খনি থেকে শীর্ষ স্বর্ণ উত্তোলনকারী দেশ ঘানা। দেশটিতে এর আগে পুরনো অনেক কোম্পানিতে খনি থেকে স্বর্ণ উত্তোলন ব্যাপক মাত্রায় কমিয়েছিল। তবে গত কয়েক বছর ছোট পরিসরের খনি কোম্পানিগুলোর (আর্টিসানাল মাইনিং) সক্ষমতা বৃদ্ধি ও নতুন বড় আকারের খনি প্রকল্পের সূচনা আগের উত্তোলন হ্রাসের প্রভাব কাটিয়ে উঠতে সাহায্য করেছে।

চেম্বার অব মাইনসের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ঘানার স্বর্ণ উত্তোলন প্রত্যাশার তুলনায় বেড়েছে ১৯ দশমিক ৩ শতাংশ। এ সময় দক্ষিণ আফ্রিকা ও মালিকে পেছনে ফেলে আফ্রিকার শীর্ষ স্বর্ণ উত্তোলনকারী দেশের অবস্থান পুনরায় নিশ্চিত করে।

চেম্বার অব মাইনসের সভাপতি মাইকেল আকাফিয়া রাজধানী আক্রায় এক বার্ষিক সভায় বলেন, ‘নিউমন্টের আহাফো সাউথ ও শানডংয়ের নামদিনি খনি থেকে উত্তোলন বেড়েছে। এ কারণে ২০২৫ সালে স্বর্ণ উত্তোলন ৪৪-৫১ লাখ আউন্সের মধ্যে থাকতে পারে।’

এদিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ক্রমে ঊর্ধ্বমুখী হচ্ছে। মূল্যবৃদ্ধির কারণে স্বর্ণ রফতানি থেকে ঘানার রাজস্ব বেড়েছে। পাশাপাশি দেশটির মুদ্রা সেডির মানও শক্তিশালী হয়েছে। এমন প্রেক্ষাপট দেশটির অর্থনৈতিক সংকট কিছুটা পুনরুদ্ধারে সহায়তা করেছে।

মাইকেল আকাফিয়া আরো জানান, খাতটি বর্তমানে নানা নিয়ন্ত্রণ পরিবর্তনের কারণে অনিশ্চয়তা ও কিছু বিঘ্নের মুখে রয়েছে। ঘানা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল-স্কেল মাইনার্সের সাধারণ সম্পাদক গডউইন আরমাহ বলেন, ‘আমরা আশা করছি, গত বছরের তুলনায় এবার ৩০-৪০ শতাংশ স্বর্ণ বেশি উত্তোলন হবে। উৎসে কর তুলে দেয়ার ফলে চোরাচালান উল্লেখযোগ্যভাবে কমেছে।’

তুলনামূলক ছোট খনি কোম্পানির কাছ থেকে সরাসরি স্বর্ণ ক্রয় কার্যক্রম উন্নত করতে ও চোরাচালান কমাতে ঘানার নতুন সরকার ‘গোল্ডবড’ নামে একটি প্রতিষ্ঠান গঠন করেছে। এছাড়া স্থানীয় স্বর্ণ কেনাবেচায় আরোপিত উৎসে কর (উইথহোল্ডিং ট্যাক্স) বাতিল করেছে।

চেম্বার জানায়, তাদের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে ছোট খনি কোম্পানি থেকে উত্তোলন ১৫-২০ লাখ আউন্সের মধ্যে থাকবে। ২০২৪ সালে এটি ছিল ১৯ লাখ আউন্স।

যদিও পারসিউসের এডিকান মাইন, গোল্ড ফিল্ডসের দামাং ও টার্কওয়া খনি এবং জিজিনের আকায়েম মাইনের মতো বেশ কয়েকটি বড় খনিতে উত্তোলন হ্রাসের সম্ভাবনা রয়েছে, যা খনি খাতের মোট উত্তোলন ও প্রবৃদ্ধিকে ধীর করতে পারে বলে জানান আকাফিয়া।

আরও