দেশের পুঁজিবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক দরপতন দেখা যাচ্ছে। ক্রমাগত দরপতনে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। এ অবস্থায় গতকাল পুঁজিবাজারের অংশীজনদের নিয়ে একটি বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে পুঁজিবাজারের অংশীজনদের সমন্বয় ও সংযোগ বৃদ্ধির জন্য প্রতি মাসের শেষ বৃহস্পতিবার একটি সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে গতকাল দেশের পুঁজিবাজারে সূচক বাড়লেও দৈনিক লেনদেনের পরিমাণ নেমে এসেছে নয় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে।
গতকালের সভার বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হয়েছে। এ সময় পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া সভা ও তার নির্দেশনার বিষয়ে আলোচনা হয়। এছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করহারের ব্যবধান ন্যূনতম ১০ শতাংশ করা, পুঁজিবাজারে ১ লাখ টাকা পর্যন্ত লভ্যাংশ আয়ের ওপর আরোপিত কর মওকুফ করা, পরিকল্পনা অনুসরণ করে নেগেটিভ ইকুইটির উত্তরণ ও স্থায়ী সমাধান করা, বিও হিসাবে মেইনটেন্যান্স ফি মওকুফ করা, মূলধনি মুনাফার ওপর কর মওকুফ করা, ব্রোকারদের টার্নওভারের ওপর প্রদত্ত অগ্রিম কর কমানো, ভালো মৌল ভিত্তিসম্পন্ন বৃহৎ দেশীয় কোম্পানি, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি কিংবা বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ গ্রহণ, সরকারি সিকিউরিটিজের নিলাম পুঁজিবাজারের এক্সচেঞ্জ প্লাটফর্মে নিয়ে আসা, সিকিউরিটিজ হাউজে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করা এবং সমন্বিত গ্রাহক হিসাব থেকে প্রাপ্ত আয়ের অর্থের ব্যবহার বিষয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়। সভায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ বিনিয়োগকারীদের স্বার্থে মিউচুয়াল ফান্ডগুলোর চলতি অর্থবছরের অর্জিত আয়ের ২০ শতাংশ সঞ্চিতি সংরক্ষণ করে বাকি ৮০ শতাংশ ইউনিটহোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণের প্রস্তাব দেন।
রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত এ সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ এবং বিএসইসির নির্বাহী পরিচালক ও পরিচালকরা উপস্থিত ছিলেন। অংশীজনদের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইই চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালক মিনহাজ মান্নান ইমন, শাকিল রিজভী ও রিচার্ড ডি রোজারিও, ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মাজেদা খাতুন, আইসিবির এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পুঁজিবাজার পরিস্থিতি: টানা তিনদিন পতনের পর গতকাল দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এদিন ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স সূচক প্রায় ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৮২০ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ গতকাল ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮৮ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বীকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ার।
ডিএসইতে গতকাল ২৬৩ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা নয় মাসের মধ্যে সর্বনিম্ন। আগের কার্যদিবসে এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছিল ২৯৭ কোটি টাকা। গতকাল লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২৭৭টির, কমেছে ৭৯টির আর অপরিবর্তিত ছিল ৪০টির বাজারদর।