আইএফআইসি ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন ইমরান আহমেদ। ব্যাংকিং, অর্থায়ন, পরিচালন কার্যক্রম, তথ্যপ্রযুক্তি ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে তার ২৮ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
কর্মজীবনের শুরুতে ইমরান আহমেদ আন্তর্জাতিক নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসির তৎকালীন সহযোগী প্রতিষ্ঠান কাসেম অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে অংশীদার হিসেবে দায়িত্ব পালন করেন। আইএফআইসি ব্যাংকে যোগদানের আগে তিনি ন্যাশনাল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও প্রধান নিরীক্ষা কর্মকর্তা; এনআরবি ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা এবং ব্যাংক এশিয়া পিএলসির প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
ইমরান আহমেদ হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস অডিটর, সার্টিফায়েড শরিয়াহ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর এবং সার্টিফায়েড সাসটেইনেবিলিটি রিপোর্টিং স্পেশালিস্ট।