২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম নয় মাসে এ পণ্যটির আমদানি কমেছে সাড়ে সাত হাজার টনেরও বেশি। এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, ভারতের মোকামগুলোয় সরবরাহ অপ্রতুল হওয়ায় পণ্যটির আমদানি কমে এসেছে।
ভোমরা কাস্টম হাউজের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ১৫ হাজার ৯৬৯ টন। যার মূল্য ছিল ২৬৫ কোটি ৪২ লাখ টাকা।
গত অর্থবছরের একই সময়ে শুকনা হলুদ আমদানি হয়েছিল ২৩ হাজার ৫০১ টন, যার মূল্য ছিল ৩৯৯ কোটি ২৭ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি বছর এ বন্দরে শুকনা হলুদ আমদানি কমেছে ৭ হাজার ৫৩২ টন।
বন্দরে আমদানি কমে যাওয়ায় সাতক্ষীরার মসলা বাজারে দাম বেড়েছে গুঁড়া হলুদের। এক মাসের ব্যবধানে খুচরা বাজারে গুঁড়া হলুদের দাম কেজিতে ৪০-৫০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের মেসার্স ফতেমা স্টোরে গতকাল গুঁড়া হলুদ খুচরা বিক্রি হয় কেজিপ্রতি ৩৮০-৪০০ টাকা দরে, যা এক মাস আগে ছিল ৩৪০-৩৫০ টাকা। প্রতিষ্ঠানটির পরিচালক আনোয়ার হোসেন জানান, বন্দরে আমদানি কমে যাওয়ায় পাইকারিতে দাম বেড়েছে। ফলে খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে।